ভোর ছয়টায় স্টেশনে এসে লাইনে দাঁড়ান ব্রাহ্মণবাড়িয়ার হাফিজুর রহমান। সাড়ে চার ঘণ্টা পর কাঙ্ক্ষিত টিকিট পেয়ে হাসিমুখে বাসায় ফেরেন তিনি। কিন্তু সবাই তাঁর মতো হাসিমুখে বাড়ি ফিরতে পারেননি। টিকিট না পেয়ে ম্লান মুখে স্টেশন থেকে ফিরতে হয়েছে অনেককে।
গতকাল শুক্রবার হাফিজুর রহমানের মতো হাজারো টিকিটপ্রত্যাশীর ভিড় ছিল চট্টগ্রাম রেলস্টেশনে। আসনের তুলনায় টিকিটপ্রত্যাশীর সংখ্যা বেশি হওয়ায় অনেককে টিকিট ছাড়া ফিরতে হয়।
রেলওয়ে সূত্র জানায়, গতকাল বিক্রি করা হয়েছে ২৩ সেপ্টেম্বরের টিকিট। আজ শনিবার বিক্রি হবে ২৪ সেপ্টেম্বরের টিকিট। মূলত গতকাল থেকেই চট্টগ্রাম স্টেশনে মানুষের ভিড় দেখা গেছে। গতকাল বিভিন্ন আন্তনগর ট্রেনের পাঁচ হাজারের বেশি টিকিট বিক্রি হয়।
কুমিল্লার বাসিন্দা আবুল হোসেন বলেন, ‘সকাল আটটায় স্টেশনে গিয়ে হাজারো মানুষের ভিড় দেখি। তারপরও লাইনে দাঁড়াই। কিন্তু মাঝপথে বলা হলো, টিকিট শেষ। খালি হাতে ফিরে যেতে হলো আমাকে।’
টিকিটপ্রত্যাশীদের সঙ্গে কথা বলে জানা যায়, গত বৃহস্পতিবার রাত থেকে আন্তনগর ট্রেনগুলোর কাউন্টারের সামনে মানুষ অবস্থান নিতে থাকে। সকালে স্টেশনে ছিল মানুষের উপচে পড়া ভিড়। দুপুরের আগেই প্রায় সব টিকিট বিক্রি হয়ে যায়।
রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মকবুল আহমেদ প্রথম আলোকে বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর ছিলেন। টিকিট বিক্রির সময় কোনো বিশৃঙ্খলা হয়নি। আসনের চেয়ে যাত্রীর সংখ্যা বেশি ছিল বলে সবাইকে টিকিট দেওয়া সম্ভব হয়নি।’ তিনি জানান, যাত্রার দিন সীমিতভাবে স্ট্যান্ডিং টিকিট ছাড়া হবে।
চট্টগ্রাম স্টেশন থেকে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস, প্রভাতী, চট্টলা, গোধূলী ও তূর্ণা; সিলেটগামী পাহাড়িকা ও উদয়ন এবং চাঁদপুরগামী মেঘনা ও ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের অগ্রিম টিকিট ছাড়া হয়েছে।