কারও হুকুমে গণজাগরণ মঞ্চ বন্ধ হবে না: মতিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, কারও হুকুমে গণজাগরণ মঞ্চ বন্ধ হবে না। কারণ, এ মঞ্চ কারও হুকুমে তৈরিও হয়নি। এটি সৃষ্টি হয়েছে স্বাধীনতার পক্ষশক্তির স্বতঃস্ফূর্ত জাগরণের মাধ্যমে।গতকাল শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ‘কৃষক হত্যা দিবস’ উপলক্ষে কৃষক লীগ আয়োজিত আলোচনা সভায় মতিয়া চৌধুরী এ কথা বলেন। ‘মঞ্চ ফঞ্চ বন্ধ করুন, নইলে রক্ষা নাই’ বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার এমন বক্তব্যের সমালোচনা করে কৃষিমন্ত্রী বলেন, গণজাগরণ মঞ্চে যাঁরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন, তাঁদের নাস্তিক বলে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। মতিয়া চৌধুরী আরও বলেন, খালেদা জিয়া একাত্তরের ৩০ লাখ মানুষ হত্যাকে গণহত্যা বলেন না। নিজের হাতে কৃষকদের হত্যাকে গণহত্যা বলেন না। পুলিশ হত্যাকেও গণহত্যা বলছেন না।মতিয়া চৌধুরী আরও বলেন, ‘মহাজোট সরকারের আমলে সারের পেছনে কৃষক দৌড়ায় না। সারই কৃষকের পেছনে দৌড়ায়। খালেদা জিয়া কখনো কৃষকদের দিকে তাকাননি। কৃষকেরা সার চেয়েছে আর খালেদা জিয়া সারের বদলে তাদের গুলি দিয়েছিলেন। বিদ্যুতের জন্য আন্দোলন করায় কানসাটে নির্মমভাবে গুলি করে মানুষ হত্যা করা হয়েছে। নির্মম এ হত্যাকে আপনি কী বলবেন?’ কৃষক লীগের সভাপতি মোতাহার হোসেন মোল্লার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন আহমদ হোসেন, শামসুল হক, শেখ জাহাঙ্গীর আলম প্রমুখ।