কারওয়ান বাজার থেকে কাঁচাবাজার সরবে কবে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

রাজধানীর কারওয়ান বাজারের পাইকারি কাঁচাবাজার পরিকল্পিত যে তিনটি পাইকারি কাঁচাবাজারে স্থানান্তরিত হওয়ার কথা, সেগুলোর দুটির নির্মাণকাজ শেষ হয়নি আট বছরেও। নির্মাণকাজের যে গতি, তাতে কবে নাগাদ কারওয়ান বাজারের পাইকারি বাজারটি সরবে, তা এখনো অনিশ্চিত।
অবশ্য এই প্রকল্পের দায়িত্বে থাকা ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা মমতাজ উদ্দিন বলেছেন, আগামী ডিসেম্বরের মধ্যে কারওয়ান বাজারের কাঁচামাল ব্যবসায়ীদের নতুন তিন বাজারে পুনর্বাসন করা সম্ভব হবে।
তবে বস্তবতা ভিন্ন। একটির নির্মাণকাজ কয়েক মাস ধরে বন্ধ, ছয়তলার মধ্যে আরেকটির মাত্র ভূতলকোঠা ও একতলার কাজ শেষ হয়েছে। এদিকে ব্যবসায়ীরাও স্থানান্তরিত হতে নারাজ। অথচ সময় গড়িয়ে এই প্রকল্পের খরচ বেড়ে গেছে প্রায় ১৫০ কোটি টাকা।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ‘ঢাকা শহরের তিনটি পাইকারি কাঁচাবাজার নির্মাণ প্রকল্প’ পাস করে ২০০৬ সালের ৪ অক্টোবর। কৃষিপণ্যের বাজার ও সরবরাহব্যবস্থা উন্নয়নের পাশাপাশি কারওয়ান বাজারের যানজট কমাতেও প্রকল্পটি নেওয়া হয়। তখন মহাখালী, আমিনবাজার, যাত্রাবাড়ী ও লালবাগে চারটি পাইকারি কাঁচাবাজার নির্মাণের কথা ছিল। সিদ্ধান্ত ছিল, কারওয়ান বাজারের ব্যবসায়ীদের নতুন বাজারগুলোতে সরিয়ে নেওয়া হবে।
স্থানীয় সরকার বিভাগের আওতাধীন এ প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব পায় তৎকালীন অবিভক্ত ঢাকা সিটি করপোরেশন। মোট ২০৬ কোটি ৪৬ লাখ টাকা ব্যয়ে ২০১০ সালের জুনের মধ্যে নির্মাণকাজ শেষ করার কথা ছিল। পরে পরিকল্পনা থেকে লালবাগ বাদ পড়ে। তিনটি বাজারই ছয়তলা হওয়ার কথা। ক্রমে তিন দফা বাড়িয়ে সময়সীমা ঠেকেছে ২০১৫ সালের জুন পর্যন্ত। আর বাজার একটি কমলেও দুই দফায় বাজেট বেড়ে দাঁড়িয়েছে ৩৫০ কোটি টাকা।
২০১১ সালে ঢাকা সিটি করপোরেশন দুই ভাগে বিভক্ত হলে প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব পায় ঢাকা উত্তর সিটি করপোরেশন। বাজার স্থানান্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মমতাজ উদ্দিন প্রথম আলোকে বলেছেন, কারওয়ান বাজারের মোট এক হাজার ৭৮৯ জন ব্যবসায়ী প্রকল্পের তিনটি বাজারে অগ্রাধিকার ভিত্তিতে দোকান বরাদ্দ পাবেন এবং এ বছরের মধ্যেই তাঁদের সরিয়ে নেওয়া সম্ভব হবে। তাঁর দাবি, বাজারগুলোতে প্রায় তিন হাজার দোকান নির্মাণ শেষ হয়েছে এবং সেগুলোতে কারওয়ান বাজারের ব্যবসায়ীদের দোকান বরাদ্দের প্রক্রিয়া শুরু হয়েছে।
অবশ্য ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপপ্রধান রাজস্ব কর্মকর্তা মোহসিন আলী জানান, তিনটি বাজারের মধ্যে কেবল মহাখালীর বাজার চালুর প্রক্রিয়া শুরু হয়েছে। কারওয়ান বাজারের ব্যবসায়ীদের এ বাজারের দোকানের জন্য আবেদন করতে বলা হয়েছে। প্রথম দফায় ১৯টি আবেদনপত্রের বিপরীতে দোকান বরাদ্দ হয়ে গেছে। আবার আবেদনপত্র চাওয়া হয়েছে।
মমতাজ উদ্দিনের তথ্য অনুযায়ী, মহাখালীতে কারওয়ান বাজারের ব্যবসায়ীদের জন্য সংরক্ষিত ৩৬০টি দোকান।
সরেজমিনে দেখা যায়, মহাখালীর বাজারটির নির্মাণকাজ প্রায় সম্পন্ন। এটি চালু করার জন্য তৈরি বলে জানালেন এর নির্মাতা ঠিকাদারি প্রতিষ্ঠান জনি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী দিলীপ কুমার ঘোষ।
কিন্তু যাত্রাবাড়ীর বাজার চারতলা পর্যন্ত হয়ে নির্মাণকাজ থেমে আছে। চারতলা পর্যন্ত উঠলেও এসব তলার দোকানগুলোর সব কাজ শেষ হয়নি। এটির নির্মাতা প্রতিষ্ঠান নাজমা কনস্ট্রাকশন। ঠিকাদারি প্রতিষ্ঠানটির মালিক চাঁদপুর-৪ আসনের বিএনপির সাবেক সাংসদ হারুনুর রশিদ। এ বিষয়ে কথা বলার জন্য চেষ্টা করেও তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
আমিনবাজারে নির্মাণাধীন বাজারটির কেবল ভূতলকোঠা (আন্ডারগ্রাউন্ড) ও একতলা উঠেছে। তবে এগুলোর কাজও পুরো শেষ হয়নি। ভূতলকোঠা ও একতলা নির্মাণ করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান এমআর টেডার্স। প্রতিষ্ঠানটির সঙ্গে ঝামেলা হওয়ায় এই তলাগুলোর অবশিষ্ট কাজ শেষ করতে গত বছরের ১০ অক্টোবর চারটি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়। প্রতিষ্ঠান চারটি হলো এসএম কনস্ট্রাকশন, হেলাল ব্রাদার্স, অঙ্কুর ট্রেডার্স ও আসিফ ট্রেডার্স। চলতি বছরের ৯ এপ্রিলের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও এখনো শেষ হয়নি।
আসিফ ট্রেডার্সের মালিক কেন্দ্রীয় যুবলীগের সহসম্পাদক আবদুল হাই প্রথম আলোকে বলেন, সিটি করপোরেশন ভেঙে ভেঙে কাজ দেওয়ায় শেষ করতে দেরি হচ্ছে। ভূতলকোঠা ও একতলার দোকানগুলো এখনই বরাদ্দ দেওয়া যেতে পারে। তিনি জানান, অঙ্কুরের মালিক জুয়েলও যুবলীগের সঙ্গে সম্পৃক্ত।
হেলাল ব্রাদার্সের মালিক হেলাল মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি মিজানের ছোট ভাই বলে জানা গেছে।
স্থানান্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মমতাজ উদ্দিন বলেন, ব্যবসায়ীদের কাছ থেকে সেলামি নিয়ে আমিনবাজার ও যাত্রাবাড়ীর বাজার দুটির অবশিষ্ট কাজ সম্পন্ন করা হবে।
ব্যবসায়ীরা যেতে নারাজ: এদিকে কারওয়ান বাজারের কিচেন মার্কেটের ব্যবসায়ীদের সংগঠন ‘ইসলামিয়া শান্তি সমিতি’র সাধারণ সম্পাদক লোকমান হোসেন বলেন, এই বাজারের ব্যবসায়ীরা কেউ আবেদন করেননি। তাঁরা সেলামি দিয়েই কারওয়ান বাজারে দোকান বরাদ্দ পেয়েছিলেন। এখন নতুন নির্মিত বাজারে দোকান নিতে প্রতি বর্গফুটের জন্য ২৫ হাজার টাকা সেলামি দিতে হবে। এতে আর্থিক ক্ষতির মুখে পড়বেন বলে তাঁরা আবেদন করেননি।
পুনর্বাসনের সিদ্ধান্তটি ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে নেওয়া হয়নি বলে অভিযোগ করলেন কারওয়ান বাজারের ‘পাকা আড়ত ভবনের মালিক ও ব্যবসায়ী সমিতি’র সাধারণ সম্পাদক আবদুল মান্নান। তিনি বলেন, ‘কারওয়ান বাজারের দোকানগুলো চারদিকে খোলা। নতুন বাজারগুলোতে দোকানগুলো বদ্ধ ও ছোট। সেগুলো আড়তের উপযোগী নয়।’
অবশ্য মমতাজ উদ্দিন বলেছেন, কারওয়ান বাজারের ব্যবসায়ীদের জন্য সেলামিতে ২০ শতাংশ ছাড় দেওয়া হবে। নতুন বাজারগুলোতে উন্নত সুযোগ-সুবিধা রয়েছে। ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা হচ্ছে এবং তাঁরা নতুন বাজারে যেতে আগ্রহী। তবে কেউ কেউ অনাগ্রহ দেখাচ্ছেন। ব্যবসায়ীরা যেতে না চাইলে কী করবেন, এ প্রশ্নে তিনি বলেন, ‘এটা সরকারি সিদ্ধান্ত। নগরবাসীর বৃহত্তর স্বার্থে সবাইকে এই সিদ্ধান্ত মেনে নিতে হবে।’