কারওয়ান বাজারে ফরমালিনযুক্ত চার হাজার কেজি আমধ্বংস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কারওয়ান বাজারের আমের আড়তে গতকাল বুধবার সকালে অভিযান চালিয়ে ফরমালিনযুক্ত চার হাজার কেজি আম ধ্বংস করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় ছয় আড়তের মালিককে ১৫ দিন করে কারাদণ্ড ও দুই লাখ টাকা করে জরিমানা করেন। জরিমানার টাকা দিতে ব্যর্থ হলে তাঁদের আরও ১৫ দিন করে জেলে থাকতে হবে।

র‌্যাব সূত্র জানায়, গতকাল সকাল নয়টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম আনোয়ার পাশার নেতৃত্বে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত কারওয়ানা বাজার আমের আড়তে অভিযান চালান। এতে মান নিয়ন্ত্রণকারী সংস্থা—বিএসটিআই, র‌্যাব ও মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা অংশ নেন। ভ্রাম্যমাণ আদালত ছয়টি আড়তে পরীক্ষা চালিয়ে চার হাজার কেজি আম ফরমালিনযুক্ত বলে শনাক্ত করেন। পরে এগুলো ধ্বংস করে ফেলা হয়। ফরমালিনযুক্ত আম রাখার অভিযোগে আড়তের মালিক হাজি আমির হোসেন (৫২), এমদাদুল ইসলাম (৩০), আক্কাস আলী মণ্ডল (৪৫), মজিবুর রহমান (৩৫), আবদুল মতিন (৫০) ও মোবারক হোসেনকে (৪২) ১৫ দিন করে সাজা ও দুই লাখ টাকা করে জরিমানা করেন। জরিমানার টাকা দিতে ব্যর্থ হলে এই ছয়জনকে আরও ১৫ দিন করে জেল খাটতে হবে।

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচ এম আনোয়ার পাশা প্রথম আলোকে বলেন, কারওয়ান বাজার ১০টি আমের আড়তের আম পরীক্ষা করা হয়। এর মধ্যে ছয়টিতে ক্ষতিকর ফরমালিনযুক্ত আম পাওয়া যায়। মৎস্য অধিদপ্তরের ফরমালিন নিরূপণ যন্ত্রের সাহায্যে দেখা যায়, আড়তের আমে উদ্বেগজনক মাত্রায় ফরমালিন রয়েছে। অধিকতর নিশ্চিত হওয়ার জন্য বিএসটিআইয়ের ল্যাব টেস্ট পদ্ধতিতে আমে ফরমালিনের উপস্থিতি নিশ্চিত করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও বলেন, ফরমালিন মেশানোর কোনো আলামত পাওয়া না গেলেও আড়তের মালিকেরা ফরমালিনযুক্ত আম রেখে ও বিক্রি করে অপরাধ করেছেন।

তবে ভ্রাম্যমাণ আদালতের কাছে অভিযুক্ত আড়তের মালিকেরা দাবি করেন, অধিকাংশ ক্ষেত্রে আড়তের মালিকেরা  তাঁদের নিজস্ব লোকদের মাধ্যমে চাষিদের কাছ থেকে আম সংগ্রহ করেন বা চাষিদের আমবাগান কিনে নিজেরাই সংগ্রহ করে থাকেন। বাগান থেকে আম আসার সময় ফরমালিন মেশানো হতে পারে।