
রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি) ভবনের ১১ তলায় লাগা আগুন নিভেছে। আজ শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে সেখানে আগুন লাগে। বেলা দুইটার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনার কোনো খবর জানা যায়নি। ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ খান প্রথম আলোকে জানান, ভবনে যাঁরা ছিলেন, সবাই নিচে নেমে এসেছেন। ভেতরে কেউ আটকা পড়ে নেই। আগুন লাগার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ভবনটিতে বেসরকারি টিভি চ্যানেল এনটিভি, আরটিভিসহ কয়েকটি গণমাধ্যম ও বেসরকারি প্রতিষ্ঠানের কার্যালয় রয়েছে। বেসরকারি টিভি চ্যানেল আরটিভির বার্তা সম্পাদক আনোয়ার হক সন্ধ্যা সোয়া ছয়টার দিকে প্রথম আলোকে বলেন, অগ্নিকাণ্ডের কারণে ভবনের বিদ্যুত্ সংযোগ বন্ধ হয়ে যাওয়ায় দুপুর সাড়ে ১২টা থেকে আরটিভির সম্প্রচার বন্ধ হয়ে যায়। তবে এখন বিকল্পভাবে বিদ্যুত্ সরবরাহ করে পুনরায় সম্প্রচার চালুর চেষ্টা চলছে।
বেলা দুইটার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা বিএসইসি ভবনের আগুনে পুড়ে যাওয়া ১১ তলায় ঢোকেন। সেখান থেকে ফিরে এসে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) মেজর মুহম্মদ মাহবুব বলেন, আগুন যদি নিচের আরেকটি তলায় ছড়িয়ে পড়ত তাহলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেড়ে যেত। শুক্রবার থাকায় ভবনে লোকজন কম ছিল, সব মিলিয়ে বড় ধরনের বিপর্যয় হয়নি। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা প্রাথমিকভাবে ধারণা করছেন, বৈদ্যুতিক ত্রুটির কারণে আগুন লাগতে পারে। ১১ তলায় আমার দেশ কার্যালয়ে কাগজ এবং আইপিএস ছিল। সেখান থেকেও আগুন লাগতে পারে।
অগ্নিকাণ্ডের সময় ওই ভবনে অবস্থিত বেসরকারি টিভি চ্যানেল এনটিভির কার্যালয়ে কাজ করছিলেন সিনিয়র ভিডিও এডিটর রাজীব মাহমুদ। তাঁর ভাষ্য, দুপুর পৌনে ১২টার দিকে নিরাপত্তাকর্মীরা ভবনের ১১ তলায় আগুন লেগেছে বলে খবর দেন। পরে সবাই এনটিভির কার্যালয় থেকে নেমে যান। ১১ তলায় আমার দেশ পত্রিকার গুদাম ছিল বলে তিনি জানান।
আমার দেশ পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক মাহমুদা ডলি বলেন, আজ আমার দেশ পত্রিকার কার্যালয় নিকেতনে স্থানান্তর করার কথা ছিল। সকালে তাঁদের কার্যালয়ে পিএবিএক্সের কয়েকজন কর্মী আসেন। আগুন লাগার সময় তাঁরা কার্যালয়ে ছিলেন কি না, তা তিনি নিশ্চিত করে বলতে পারেননি।

ভবন থেকে ভেঙে পড়া কাচের টুকরো লেগে ঘটনাস্থলে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের প্রতিবেদক মারুফ আল মুহিত আহত হয়েছেন। তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
দুপুর সাড়ে ১২টার দিকে ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বিএসইসি ভবন থেকে আগুনের হলকা ও ধোঁয়া আশপাশের ভবনে ছড়িয়ে পড়ে। আগুনের হলকা থেকে বাঁচাতে বাপেক্স ও পল্লিভবনে পানি দেওয়া হয়েছে। দুপুর সাড়ে ১২টার দিকে ফায়ার সার্ভিসের কর্মী মোখলেছুর জানান, ১২টি ইউনিট আগুন নেভানোর কাজ করছে। পরে বেলা পৌনে দুইটার দিকে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ খান জানান, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করছে।
এনটিভির চেয়ারম্যান মোসাদ্দেক আলী ঘটনাস্থলে গেছেন। তিনি বলেন, একটি ভবনে বারবার আগুন লাগার কারণে ব্যবসার ক্ষতি হয়। এর আগে ২০০৭ সালে আগুন লাগার পর ওই তদন্ত কমিটির পূর্ণাঙ্গ প্রতিবেদন এখনো প্রকাশিত হয়নি।
তদন্ত কমিটি
ফায়ার সার্ভিসের উপপরিচালক (পরিকল্পনা) শেখ মিজানুর রহমানকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ফায়ার সার্ভিস থেকে জানানো হয়েছে, ভবনটির পুড়ে যাওয়া ১১ তলার ছয়টি কক্ষ অক্ষত রয়েছে।