কারওয়ান বাজারের কাঁচাবাজার তুলে দেওয়া হবে: আনিসুল হক

রাজধানীর কারওয়ান বাজার থেকে কাঁচাবাজার তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। তবে ঠিক কবে সরিয়ে নেওয়া হবে, সে ব্যাপারে নির্দিষ্ট করে তিনি কিছু বলেননি।
গতকাল রোববার রাজধানীর আগারগাঁওয়ে ইয়ুথ ফোরামের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ কথা বলেন। মেয়র বলেন, বাজার তোলার ব্যাপারে আলোচনা হয়েছে। গত ৪০ বছরে যেটি সরানো সম্ভব হয়নি, সেটি হবে। বাজার সরিয়ে নেওয়া হলে ওই এলাকার যানজট কমবে।
ঢাকা শহরের জলাবদ্ধতা নিয়ে মেয়র আনিসুল হক বলেন, শহরের খালগুলোকে ভরাট করে দখল করা হয়েছে। মেয়রের দায়িত্ব নিয়েছেন মাত্র সাড়ে তিন মাস, এমনটা উল্লেখ করে মেয়র বলেন, রাজধানীর এসব সমস্যা গত ৩৫ বছরের। সেটির সমাধান মাত্র সাড়ে তিন মাসে সম্ভব নয়। তবে, এর জন্য কাজ চলছে।
রাজধানীর সড়কের ওপর বর্জ্য রাখার কনটেইনার থাকার বিষয়ে আনিসুল হক বলেন, ময়লা ফেলার জন্য ৭০টি স্থানে জমি সংগ্রহ করা হচ্ছে। আগামী জানুয়ারি থেকে সড়কে আর কনটেইনার থাকবে না বলে আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধূরী বলেন, তরুণ প্রজন্মকে এগিয়ে আনতে হলে, শহর ও গ্রামের মধ্যে প্রযুক্তিগত ব্যবধান কমাতে হবে। আমাদের দেশের মেয়েদের কৈশোর বলতে কিছু নেই। দেশকে এগিয়ে নিতে হলে মেয়েদের অধিক অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
পিকেএসএফের সভাপতি কাজী খলীকুজ্জমান আহমদের সভাপতিত্বে ইয়ুথ ফোরামের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘বাংলাদেশ ইয়ুথ পার্লামেন্ট ২০১৫’ শীর্ষক এই অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক, বিকল্প ধারার যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকী, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ববি হাজ্জাজ প্রমুখ।