ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) বলছে, আগামী ছয় মাসের মধ্যে কারওয়ান বাজার বর্তমান জায়গা থেকে নবনির্মিত তিনটি পাইকারি বাজারে স্থানান্তর করা হবে। তবে ব্যবসায়ীরা দোকান স্থানান্তরের ক্ষেত্রে বিভিন্ন শর্ত আরোপ করায় কবে নাগাদ কারওয়ান বাজার সরবে বা আদৌ সরবে কি না, তা এখনো অনিশ্চিত।
গত ২৯ মার্চ ডিএনসিসির মেয়র আনিসুল হকের সভাপতিত্বে কারওয়ান বাজার মার্কেট সমিতির নেতাদের একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় আড়ত মালিক নেতারা যাত্রাবাড়ীতে নবনির্মিত পাইকারি বাজারে কারওয়ান বাজার স্থানান্তরের বিষয়ে লিখিত ঘোষণা দেন। তবে মার্কেটের খুচরা দোকানগুলো স্থানান্তরের বিষয়ে ব্যবসায়ীদের কাছ থেকে এখনো লিখিত পাওয়া যায়নি বলে ডিএনসিসি সূত্রে জানা গেছে।
ডিএনসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা মমতাজ উদ্দিন প্রথম আলোকে বলেন, মেয়রের সঙ্গে বৈঠকে ব্যবসায়ীরা বিভিন্ন সমস্যা তুলে ধরেন। দীর্ঘদিন ধরে ব্যবসায়ীদের সঙ্গে কারওয়ান বাজার স্থানান্তর বিষয়ে কথা হচ্ছে। নানা সমস্যা দেখিয়ে তাঁরা দোকান সরাতে গড়িমসি করছেন। তবে এবার মেয়র তাঁদের সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ‘ঢাকা শহরের তিনটি পাইকারি কাঁচাবাজার নির্মাণ প্রকল্প’ পাস করে ২০০৬ সালের ৪ অক্টোবর। কৃষিপণ্যের বাজার ও সরবরাহব্যবস্থা উন্নয়নের পাশাপাশি কারওয়ান বাজারের যানজট কমাতে প্রকল্পটি নেওয়া হয়। মহাখালী, আমিনবাজার ও যাত্রাবাড়ীতে এই তিনটি পাইকারি কাঁচাবাজার নির্মাণের পরিকল্পনা ছিল। তিন দফা সময় বাড়িয়ে প্রায় ৩৫০ কোটি টাকা ব্যয়ে ২০১৫ সালের জুনে এর কাজ শেষ হয়।
কারওয়ান বাজারে প্রায় ২৪ বিঘা জমির ওপরে ডিএনসিসির মালিকানাধীন তিনটি মার্কেট রয়েছে। কারওয়ান বাজারের দোকানগুলো আমিনবাজার, যাত্রাবাড়ী ও মহাখালী বাজারে স্থানান্তরের জন্য দীর্ঘদিন ধরে মার্কেট সমিতির নেতাদের সঙ্গে ডিএনসিসির আলাপ-আলোচনা চলছে।
ডিএনসিসির সর্বশেষ তথ্য অনুযায়ী কারওয়ান বাজারের আড়তগুলো যাত্রাবাড়ীতে নির্মিত নতুন মার্কেটে স্থানান্তর বিষয়ে সম্মত হয়েছেন আড়তমালিকেরা। এ বিষয়ে আড়ত মালিক সমিতির সভাপতি আবদুল লতিফ প্রথম আলোকে বলেন, নতুন তৈরি করা বাজারগুলোর দোকান আড়তের উপযোগী নয়। যাত্রাবাড়ীর নতুন মার্কেটটির দোকানগুলো সংস্কার করে বড় আকারে আড়তের উপযোগী করে দিলে এবং আরও কিছু বিষয়ে ব্যবসায়ীদের শর্ত মানলে আড়তগুলো সরানো হবে বলে ব্যবসায়ীদের পক্ষ থেকে ডিএনসিসিকে বলা হয়েছে।
ডিএনসিসির হিসাব অনুযায়ী, কারওয়ান বাজারে ১৭৬টি আড়ত ও ১ হাজার ৬১৩টি খুচরা দোকান আছে। আড়তগুলো সরানোর বিষয়ে কথাবার্তা অনেক দূর এগোলেও এসব মার্কেটের দোকানগুলো স্থানান্তরের বিষয়ে কোনো ফলপ্রসূ আলোচনা হচ্ছে না।
কারওয়ান বাজারের কিচেন মার্কেটের ব্যবসায়ীদের সংগঠন ‘ইসলামিয়া শান্তি সমিতি’র সাধারণ সম্পাদক লোকমান হোসেন প্রথম আলোকে বলেন, কারওয়ান বাজার এলাকায় দু-তিন একর জায়গার ওপরে একটি আধুনিক বহুতল মার্কেট নির্মাণ করা হবে এবং ১ ও ২ নম্বর সুপার মার্কেট ও কিচেন মার্কেটের ব্যবসায়ীদের ওই মার্কেটে স্থানান্তর করা হবে বলে মেয়র জানিয়েছেন। এই তিনটি মার্কেটের ব্যবসায়ীরা মহাখালী, যাত্রাবাড়ী ও আমিনবাজারের মার্কেটে যাবেন না।
কারওয়ান বাজারের ১ ও ২ নম্বর সুপার মার্কেট এবং কিচেন মার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, ব্যবসায়ীদের কেউই কারওয়ান বাজার ছাড়তে চাইছেন না। ডিএনসিসির করা নতুন তিনটি মার্কেটের কোনোটিতেই তাঁরা যেতে চান না। কারওয়ান বাজার এলাকাতেই নতুন মার্কেট ভবন করার দাবি জানিয়েছেন তাঁরা।
এ বিষয়ে ডিএনসিসির মেয়র আনিসুল হক প্রথম আলোকে বলেন, ‘মার্কেটের ব্যবসায়ীরা কারওয়ান বাজারের এক কোনায় তিন বিঘা জমির ওপরে একটি মার্কেট করে দেওয়ার দাবি করেছেন। বাজারের প্রায় ২০ বিঘা জমি ছেড়ে দিলে এই বিষয়টি ভেবে দেখব বলে তাঁদের জানিয়েছি। আগামী ছয় মাসের মধ্যে কারওয়ান বাজারের অধিকাংশ দোকান সরিয়ে দেওয়া হবে। তখন বাজারের জায়গা ডিএনসিসির কাছে চলে আসবে।’