কারওয়ান বাজারে অভিযান
রাজধানীর কারওয়ান বাজার ও আশপাশের এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। গতকাল রোববার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ অভিযান চলে।
অভিযানে নেতৃত্ব দেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের জোন-৫-এর নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আজিয়র রহমান। অভিযানে সহায়তা করে তেজগাঁও থানার পুলিশ। এ সময় উপস্থিত ছিলেন উত্তর সিটি করপোরেশনের ২৬, ২৭ ও ২৮ নম্বর ওয়ার্ডের (সংরক্ষিত) কাউন্সিলর শামিমা রহমান।
সরেজমিনে দেখা গেছে, উত্তর সিটি করপোরেশনের একটি উচ্ছেদকারী গাড়ি কারওয়ান বাজার ও আশপাশের এলাকায় অবৈধ সবজির দোকান, ছোট ছোট কিছু স্থাপনা উচ্ছেদ করে। এ সময় অনেক ভ্রাম্যমাণ সবজির দোকানদারকে সবজি নিয়ে পালাতে দেখা যায়। তবে কিছু বিক্রেতা বলছিলেন অভিযান শেষ হলে তাঁরা আবার দোকান বসাবেন।
অভিযানের বিষয়ে জানতে চাইলে এস এম আজিয়র রহমান প্রথম আলোকে বলেন, ‘আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। নিয়মিত তদারকি করা হবে, যাতে সড়ক বা ফুটপাতের ওপর কোনো ধরনের অবৈধ দোকান না বসে। এ ছাড়া এই এলাকার সড়কগুলোতে যাতে যানজট না হয়, সে জন্য অবৈধ পার্কিংও উচ্ছেদ করা হচ্ছে।’ উচ্ছেদের কয়েক দিন আগে থেকে মাইকিং করা হলেও অবৈধ দোকান বসছে বলে তিনি মন্তব্য করেন।
স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করেন, স্থানীয় কিছু রাজনৈতিক কর্মী পুলিশের সঙ্গে মিলে কারওয়ান বাজারের বিভিন্ন রাস্তায় অবৈধ দোকানপাট বসান। এসব দোকান থেকে তাঁরা নিয়মিত চাঁদা তোলেন। এ কারণে একবার উচ্ছেদ করতে না-করতেই আবার বসে যান অবৈধ দোকানিরা। তা ছাড়া এসব দখলদার অনেক দিন ধরে কারওয়ান বাজারে অবস্থান করছেন। তাঁরা সহজে দখল ছাড়তে চান না।
কাউন্সিলর শামিমা রহমান বলেন, বারবার সতর্ক করার পরও দখলদারেরা রাস্তা দখল করে রাখছেন। রাস্তায় চুলা, হোটেল বসিয়েছেন। দিনে দিনে দখলের পরিধি বাড়ছে। কারওয়ান বাজারে এ কারণে যানজট হচ্ছে। অবৈধ দখলদারদের হাত থেকে কারওয়ান বাজার ও আশপাশের এলাকা রক্ষার চেষ্টা চলছে বলে তিনি মন্তব্য করেন।