কারওয়ান বাজারে এক ভবনে আগুন
রাজধানীর কারওয়ান বাজারে একটি বাণিজ্যিক ভবনে গতকাল শুক্রবার বিকেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, বিকেল সাড়ে চারটার দিকে তাঁরা আগুন লাগার খবর পান। তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিস থেকে সাতটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।
বিকেলে ওই এলাকায় গিয়ে দেখা যায়, টিসিবি ভবনের পূর্ব দিকে রাফাস টাওয়ার নামের চারতলা একটি ভবনের দ্বিতীয় তলা থেকে ধোঁয়া বের হচ্ছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ভবনে পানি ছিটাচ্ছেন। এর কিছুক্ষণ পর ভবন থেকে ধোঁয়া বের হওয়া বন্ধ হয়।
ভবনটি পরিদর্শন করে ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক খন্দকার আবদুল জলিল বলেন, চারতলা ভবনটির প্রথম ও দ্বিতীয় তলায় প্লাইউডের গুদাম। পরের দুই তলা ফাঁকা। দ্বিতীয় তলার একটি কক্ষে থাকা রেফ্রিজারেটর থেকে আগুনের সূত্রপাত। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগ থেকে রেফ্রিজারেটরটিতে আগুন ধরে যায়। পরে এই আগুন দ্বিতীয় তলায় ছড়িয়ে পড়ে। তিনি বলেন, বিকেল পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে বেশ কিছু প্লাইউড পুড়ে গেছে।