কারওয়ান বাজারে বৈদ্যুতিক তারে আগুন, চার ঘণ্টা বিদ্যুৎ ছিল না
রাজধানীর কারওয়ান বাজারের কাজী নজরুল ইসলাম এভিনিউ এলাকায় গতকাল বুধবার সকালে বৈদ্যুতিক তারে হঠাৎ আগুন ধরে যায়। এতে ওই এলাকা প্রায় চার ঘণ্টা বিদ্যুৎবিহীন ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে কাজী নজরুল ইসলাম এভিনিউর আম্বরশাহ মসজিদসংলগ্ন এলাকায় বৈদ্যুতিক তারে একটি কাক বসার পর এতে আগুন ধরে যায়। এ সময় আশপাশের অফিসে কর্মরত লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। উপস্থিত লোকজন মসজিদ থেকে পানি নিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ওই এলাকার বৈদ্যুতিক তার, ইন্টারনেট তার ও সাইবার ক্যাফের তার পুড়ে অকেজো হয়ে যায়। অগ্নিকাণ্ডের পর আশপাশের এলাকায় প্রায় চার ঘণ্টা বিদ্যুৎ ছিল না। পরে বিভিন্ন কোম্পানির লোকজন এসে পোড়া তার সরিয়ে নতুন তার সংযোগ করেন। তেজগাঁও ফায়ার স্টেশনের কর্মকর্তা মামুনুর রহমান প্রথম আলোকে বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে একটি দল নিয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে বিভিন্ন ধরনের তার পুড়ে যায়।