রাজধানীর কারওয়ান বাজারে গতকাল রোববার ভেজাল মসলা তৈরি ও বিক্রি করার অভিযোগে ছয়টি কারখানার সাত কর্মচারীকে জরিমানা করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
সাজা পাওয়া ব্যক্তিরা হলেন রফিকুল ইসলাম, শফিকুল ইসলাম, খলিল হোসেন, মো. হামিদ, আবদুর রব হাওলাদার, মো. বেল্লাল ও রিপন হোসেন।
র্যাব সূত্র জানায়, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলালউদ্দিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত কারওয়ান বাজারের মসলাপট্টির ছয়টি মসলা তৈরির কারখানায় অভিযান চালান। ভেজাল মসলা তৈরি ও বিক্রি করার অভিযোগে ওই সাত ব্যবসায়ীকে গ্রেপ্তার করেন।
এ সময় আদালত ওই সব কারখানা থেকে এক হাজার কেজি ভেজাল মসলা জব্দ করেন। গ্রেপ্তার করা সাতজন নিজেদের অপরাধ স্বীকার করায় আদালত ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে সাত কর্মচারীকে সাত দিন করে কারাদণ্ড দেন।
এ সময় সাজা পাওয়া প্রত্যেকে জরিমানার টাকা দেন। দুই ঘণ্টা ধরে চলা অভিযানে র্যাব-২-এর একটি দল ও বিএসটিআইয়ের (বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউট) একজন পরিদর্শক অংশ নেন। আদালত উদ্ধার করা ভেজাল মসলা ঘটনাস্থলে ধ্বংস করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলালউদ্দিন বলেন, সাজা পাওয়া কর্মচারীরা স্বীকার করেছেন সটি (হলুদ রং সদৃশ্য), ঘাসের বীজ বা ছোট কাউন (পাখির খাবার হিসেবে ব্যবহৃত হয়) ভেজাল মসলার মূল উপকরণ। এই সটি, ঘাসের বীজ গুঁড়া করে ক্ষতিকর রং মেশানো হয়। লাল রং মেশালে মরিচের গুঁড়ার মতো এবং হলুদ রং মেশালে হলুদের গুড়াঁর মতো হয়ে যায়। পচা কাঁচা মরিচ শুকিয়ে (পটকা মরিচ) তা গুঁড়া করে এর সঙ্গে মেশানো হয়। এতে মসলা ভেজাল হলেও সহজে বোঝা যায় না।
সাজা পাওয়া ব্যক্তিরা আদালতকে বলেন, ভেজাল মসলা ভাঙানোর পর তা ধুলাবালি যুক্ত মেঝেতে রাখা হয়। পরে তা প্যাকেট করা হয়। তাঁরা আরও বলেন, এ ছাড়া মসলায় কাপড়ের রং মেশানো হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলালউদ্দিন প্রথম আলোকে বলেন, রং মেশানো মসলা খেলে ক্যানসার ও কিডনি রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে।