কারওয়ান বাজারের পল্লী ভবনে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কার্যালয়ের বেজমেন্টে গতকাল রোববার দুপুরে আগুন লাগে। এ সময় আতঙ্কে ওই ভবন থেকে দ্রুত বের হতে গিয়ে কয়েকজন সামান্য আহত হন। ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা সোয়া দুইটার দিকে হঠাত্ বিআরডিবির কার্যালয় সাত তলাবিশিষ্ট পল্লী ভবনের বেজমেন্টে আগুন লাগে। বেজমেন্টসহ ভবনের প্রধান ফটক ও জানালা দিয়ে কুণ্ডলী পাকিয়ে ধোঁয়া বের হতে থাকে। এতে ওই ভবনে কর্মরত চার শতাধিক কর্মকর্তা-কর্মচারীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তাঁরা দ্রুত ভবন থেকে বের হওয়ার চেষ্টা করেন। কয়েকজন ওঠেন ছাদে। খবর পেয়ে র্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যান। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। ফায়ার সার্ভিসের কর্মীদের দৃষ্টি আকর্ষণের জন্য পল্লী ভবনের ছাদে আটকে পড়া কয়েকজন গায়ের শার্ট খুলে নাড়াতে থাকেন। পরে উঁচু মই দিয়ে ছাদ থেকে ছয়জনকে নিচে নামানো হয়।ওই ছয়জনের একজন হলেন বিআরডিবির সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা এ কে এম আইয়ুব আলী। তিনি জানান, ‘আগুন, আগুন’ চিত্কার শুনে তিনি ভবনের সপ্তম তলা থেকে নিচে নামার চেষ্টা করেন। কিন্তু ধোঁয়ার কারণে চতুর্থ তলার পর আর নামতে না পেরে ছাদে ওঠেন।বিআরডিবির কর্মকর্তারা জানান, ভবনের বেজমেন্টে কয়েকটি পুরোনো গাড়ি, চেয়ার-টেবিল ও কাগজের স্তূপ ছিল। আগুনে এগুলোর অধিকাংশ পুড়ে গেছে।বিআরডিবির মহাপরিচালক হুমায়ুন খালিদ সাংবাদিকদের জানান, তাঁর ধারণা, জেনারেটর থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আগুন লাগার আগে বেশ কয়েকবার বিদ্যুিবভ্রাট হয়। আগুন বেজমেন্ট থেকে অন্য কোথাও ছড়ায়নি।ফায়ার সার্ভিস ও বেসামরিক নিরাপত্তা অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু নাঈম মো. শহীদুল্লাহ ঘটনাস্থলে সাংবাদিকদের জানান, ভবনের নিচতলায় একটি জেনারেটর ও কয়েকটি পুরোনো গাড়ি ছিল। ফায়ার সার্ভিসের সদস্যরা দুই ঘণ্টার চেষ্টায় বিকেল সাড়ে চারটায় আগুন পুরোপুরি নেভান। আগুন নেভাতে তেজগাঁও, মোহাম্মদপুর ও সদর দপ্তরের ১৩টি ইউনিট কাজ করে।অগ্নিকাণ্ডের খবর পেয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক পল্লী ভবনে যান। আগুন নিয়ন্ত্রণে আসার পর তিনি সাংবাদিকদের জানান, অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (উন্নয়ন) আবদুল মান্নানকে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।এদিকে প্রায় একই সময়ে মতিঝিলের এনসিসি ব্যাংকের প্রধান কার্যালয়ে আগুন লাগে। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে যাওয়ার আগেই ভবনের লোকজন আগুন নিভিয়ে ফেলেন বলে ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে।