কারওয়ান বাজারের সড়কে তরল পয়োবর্জ্য

কারওয়ান বাজার মসজিদের উত্তর পাশের সড়ক ও বিএসইসি ভবনের সামনের সড়ক তরল পয়োবর্জ্যে সয়লাব হয়ে গেছে। এতে পথচারীদের চলাচলের ভোগান্তি পোহাতে হয়। পয়োলাইনের পাইপ (সুয়ারেজ লাইন) ফেটে এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে ওয়াসা সূত্র জানিয়েছে।
দোকানি ও পথচারীরা বলেন, গত বৃহস্পতিবার থেকে এলাকার রাস্তাগুলোতে তরল পয়োবর্জ্য ছড়িয়ে পড়ে। তবে গতকাল শনিবার বিকেলে সমস্যা চরম আকার ধারণ করে।
ওয়াসা সূত্র জানায়, কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ থেকে কারওয়ান বাজার হয়ে তেজগাঁও পর্যন্ত পয়োলাইন রয়েছে। মাঝেমধ্যেই এর পাইপে ফাটল ধরে।
একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা বলেন, দুই দিন আগে সড়কে তরল পয়োবর্জ্য ছড়িয়ে পড়েছিল। অভিযোগ জানালে ওয়াসা সাময়িকভাবে সমস্যার সমাধান করে। দুই দিন পরে আবার সমস্যার সৃষ্টি হয়।
যোগাযোগ করা হলে ঢাকা ওয়াসার ৫ নম্বর অঞ্চলের নির্বাহী প্রকৌশলী মো. ইস্রাফিল গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, এলাকায় পয়োনালা পরিষ্কার করার কাজ এবার এখনো হয়নি। কিছুদিনের মধ্যে হওয়ার কথা আছে। পয়োনালা পরিষ্কার করা হলে আর এই সমস্যা থাকবে না।