নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার একটি পোশাক কারখানার শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে গতকাল বৃহস্পতিবার ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে কমপক্ষে ২০টি যানবাহন ভাঙচুর করেন। অগ্নিসংযোগ করা হয় কারখানার একটি পিকআপ ভ্যান ও একটি মোটরসাইকেলে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুর রহমান জানান, দুই মাসের বকেয়া বেতনের দাবিতে সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার বরপা এলাকায় অবস্থিত অন্তিম নিটিং, ডাইং অ্যান্ড ফিনিশিং লিমিটেড নামের পোশাক কারখানার শ্রমিকেরা কারখানার কাচ ভাঙচুর করেন। সোয়া ছয়টার দিকে তাঁরা কারখানা থেকে বেরিয়ে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন। কারখানার ভেতর থেকে একটি মোটরসাইকেল বাইরে এনে তাঁরা আগুন ধরিয়ে দেন। অগ্নিসংযোগ করেন প্রতিষ্ঠানের একটি পিকআপ ভ্যানে। এ সময় শ্রমিকেরা মহাসড়কে বাস, ট্রাকসহ কমপক্ষে ২০টি যানবাহন ভাঙচুর করেন। পরে পুলিশ গিয়ে শ্রমিকদের ধাওয়া দিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয়। সন্ধ্যা পৌনে সাতটার দিকে মহাসড়কে যানবাহন চলাচল শুরু হয়। শ্রমিকদের অভিযোগ, কারখানার কর্তৃপক্ষ বারবার প্রতিশ্রুতি দিয়েও বেতন দিচ্ছে না।
গতকাল শ্রমিকদের বেতন প্রদানের কথা ছিল বলে স্বীকার করেছেন অন্তিম নিটিং, ডাইং অ্যান্ড ফিনিশিং লিমিটেডের মহাব্যবস্থাপক (প্রশাসন) নাজির হোসেন। তিনি বলেন, ‘বিকেলে ব্যাংক থেকে টাকা আসার কথা ছিল। কিন্তু ব্যাংকের সমস্যার কারণে টাকা আসেনি। এতে শ্রমিকেরা ক্ষুব্ধ হয়ে কারখানায় ভাঙচুর চালান। সময়মতো টাকা দিতে না পারায় আমরা অনুতপ্ত।’ তবে শ্রমিকেরা এক মাসের বেতন পাবেন বলে তিনি দাবি করেন।