কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের ফতুল্লার কাঠেরপুল এলাকায় বন্ধ ঘোষিত আবির ফ্যাশন কারখানা খুলে দেওয়ার দাবি জানিয়েছেন শ্রমিকেরা। গতকাল বুধবার নারায়ণগঞ্জ শহরে বাংলাদেশ নিট পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সমিতির (বিকেএমইএ) কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে শ্রমিকেরা ওই দাবি জানান।
সমাবেশ শেষে বিকেএমইএ কর্তৃপক্ষের কাছে সঞ্চারকলিপি দেন শ্রমিকেরা।
শ্রমিক ছাঁটাইকে কেন্দ্র করে গত রোববার আবির ফ্যাশনের শ্রমিকেরা ওই কারখানাসহ পাশের আরও পাঁচটি কারখানায় ভাঙচুর করেন। বাধা দিলে শ্রমিকেরা কারখানার কয়েকজন কর্মকর্তাকে মারধর করেন। এ সময় কারখানার মালিকপক্ষের লোকদের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। ওই দিন রাতেই কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
ওই দিন শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে ও কারখানা খুলে দেওয়ার দাবিতে গতকাল বিকেএমইএর সামনে বিক্ষোভ সমাবেশ করা হয়।
সমাবেশে বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি মাহবুবুর রহমান বলেন, বিকেএমইএ বলছে, আবির ফ্যাশন তাদের সদস্য নয়। অপরদিকে বিজেএমইএও এর দায়িত্ব নিচ্ছে না। তিনি অবিলম্বে আবির ফ্যাশন খুলে দিয়ে শ্রমিকদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। নইলে পুরো নারায়ণগঞ্জে ধর্মঘট পালন করা হবে বলে জানানো হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মাহমুদ হাসান।