কারখানা খোলার উদ্যোগ নেই, আশুলিয়া থমথমে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ায় বন্ধ থাকা ৫৯টি পোশাক কারখানা খোলার বিষয়ে সরকার, মালিক ও শ্রমিক—কোনো পক্ষেরই কোনো উদ্যোগ নেই। কারখানাগুলোর ফটকে তালা ঝুলছে। উৎপাদন বন্ধ। মালিকদের লোকসান বাড়ছে। শ্রমিকেরা নিজেদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন।
একাধিক শ্রমিকনেতা বলেছেন, কারখানা বন্ধের সঙ্গে বেতন বন্ধের হুমকি, পরে মামলা ও গ্রেপ্তারের কারণে শ্রমিকেরা আতঙ্কিত। তবে শ্রমিকেরা কাজ করতে চান। সে জন্য কারখানা খুলে দিতে সরকার ও মালিকপক্ষেরই শিগগির উদ্যোগ নেওয়া উচিত।
গতকাল শুক্রবার আশুলিয়া ঘুরে দেখা যায়, বন্ধ কারখানার ফটকে তালা ঝুলছে। অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশও আছে। বিপুলসংখ্যক পুলিশ সদস্য কারখানা ফটকে পাহারা দিচ্ছেন। সড়কে র্যা ব ও পুলিশের টহল আগের মতো আছে। সব মিলিয়ে গত বুধবার কারখানা বন্ধ ঘোষণার পর আশুলিয়ায় যে থমথমে পরিবেশ সৃষ্টি হয়েছিল, গতকালও তা অব্যাহত ছিল।
বাগাবাড়ি, ইউনিক ও বসুন্ধরা এলাকায় শিমুল হোসেন, রবিউল আওয়াল, আবদুর রবসহ কয়েকজন শ্রমিকের সঙ্গে কথা হয়। তাঁরা প্রত্যেকেই কারখানা কবে খুলবে তা নিয়ে চিন্তিত। শ্রমিকেরা বললেন, গ্রেপ্তারের ভয়ে তাঁরা কোথাও জড়ো হতে কিংবা কারখানার ফটকে যেতে ভয় পাচ্ছেন। পুলিশ কিংবা অপরিচিত লোকজন দেখলেই নিরাপদ দূরত্বে সরে যান।
এদিকে মাস শেষ হয়ে আসছে, কারখানা না খুললে ঘরভাড়া কীভাবে দেবেন, তা নিয়েও দুশ্চিন্তায় পড়েছেন শ্রমিকেরা। কারখানা বন্ধ হওয়ায় মুদি দোকানিরা বাকিতে পণ্য দিচ্ছেন না, উল্টো বকেয়া টাকা চাইছেন। একজন শ্রমিক বললেন, ‘সরকার মালিকদের কিছু বলে না। আমাদের ওপরই কেবল অত্যাচার করে। সরকার কেন বোঝে না, আমাদের নুন আনতে পান্তা ফুরায়। সে জন্যই আমরা বেতন বাড়ানোর আন্দোলন করেছি।’
বিশেষ ক্ষমতা আইনে গতকাল জাহাঙ্গীর হোসেন নামে এক শ্রমিকনেতাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (উত্তর) ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এস এম সায়েক। সব মিলিয়ে আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের ঘটনায় চার মামলায় গতকাল পর্যন্ত গ্রেপ্তারের সংখ্যা ২৭-এ দাঁড়াল।
টানা নয় দিন শ্রম অসন্তোষের পর গত মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলন করে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ আশুলিয়ার ৫৫টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। বুধবার সকালে বন্ধ করা হয় আরও চারটি কারখানা।
এদিকে কারখানা বন্ধের কারণে বিপুল টাকা লোকসান গুনলেও শ্রমিকদের সঙ্গে আপস কিংবা কারখানা খোলার বিষয়ে নতুন করে উদ্যোগ নয়—এখনো এমন কঠোর অবস্থানেই আছে বিজিএমইএ। তবে নাম প্রকাশ না করার শর্তে বিজিএমইএর একজন নেতা বলেন, দু-এক দিনের মধ্যে পরিস্থিতি আরেকটু নিয়ন্ত্রণে এলে কারখানা খোলার বিষয়ে উদ্যোগ নেওয়া হতে পারে।
জানতে চাইলে বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান গতকাল প্রথম আলোকে বলেন, ‘শ্রমিকদের পক্ষ থেকে আনুষ্ঠানিক দাবি আসতে হবে। তাহলেই আমরা কারখানা খোলার বিষয়ে বিবেচনা করব। এ ক্ষেত্রে সরকার মধ্যস্থতা করার দায়িত্ব নিতে পারে।’ কারখানা বন্ধ রেখে মালিকেরা কত দিন লোকসান গুনবেন—এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমরা তো এমনিতেই শেষ। ১১ দিন কারখানা বন্ধ থাকলে নতুন করে আর লোকসানের ভয় থাকে না।’
গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপ্রধান তাসলিমা আখ্তার প্রথম আলোকে বলেন, ‘শ্রমিকেরা কাজ করতে চান। কিন্তু তাঁরা আসবেন কীভাবে? আতঙ্কের পরিবেশ তৈরি করা হয়েছে। তাই যাঁরা কারখানা বন্ধের ঘোষণা দিয়েছেন, তাঁদেরই খুলতে হবে।’ তিনি বলেন, শ্রমিকদের কারখানাভিত্তিক দাবি-দাওয়া মেনে নেওয়ার পাশাপাশি মজুরি বোর্ড গঠনের ঘোষণা দিলেই সমস্যার সমাধান হয়ে যায়।