সাভারের একটি বন্ধ কারখানা খোলার, আরেকটি কারখানার শ্রমিকদের বকেয়া বেতন-ভাতার দাবিতে গতকাল শুক্রবার মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। ধসে পড়া রানা প্লাজার সামনে অনুষ্ঠিত পৃথক এসব কর্মসূচি থেকে ওই ঘটনায় দোষী ব্যক্তিদের শাস্তিরও দাবি জানানো হয়।
বিকেল চারটায় মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি। মানববন্ধন শেষে অনুষ্ঠিত সমাবেশে দেওয়া বক্তব্যে সংগঠনের সভাপ্রধান তাসলিমা আখ্তার বলেন, ঝুট ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে প্রায় দুই মাস আগে সাভারের ডগরমোড়া এলাকার ডানা গার্মেন্টস বন্ধ করে দেওয়া হয়। আজ পর্যন্ত মালিকপক্ষ কারখানাটি খোলার উদ্যোগ নেয়নি। অবিলম্বে কারখানা খুলে দিতে হবে। অন্যথায় শ্রমিকদের আইনানুগ প্রাপ্য পরিশোধ করতে হবে।
রানা প্লাজা ধসের ঘটনায় দোষী ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়ে তাসলিমা আখ্তার বলেন, ঘটনার ৪২ মাস পার হলেও দোষী ব্যক্তিদের শাস্তি দেওয়া হয়নি। ইমারত নির্মাণ আইনে করা মামলায় ১৮ আসামির মধ্যে জেলে আছেন সোহেল রানাসহ তিনজন। ১০ জন জামিনে মুক্তি পেয়েছেন, বাকি পাঁচজন পুলিশের চোখে পলাতক। তা ছাড়া সরকারি কর্মকর্তাদের এখনো আইনের আওতায় আনা হয়নি। দোষীদের শাস্তি নিশ্চিত করা না হলে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি বন্ধ হবে না।
সমাবেশে আরও বক্তব্য দেন সংগঠনের সমাজকল্যাণ সম্পাদক প্রদীপ রায়, শ্রমিক রূপালী আক্তার ও রানা প্লাজা ধসে নিহত শ্রমিক ফজলে রাব্বির মা রাহেলা বেগম।
এর আগে দুপুর ১২টার দিকে রানা প্লাজার সামনে মানববন্ধন করে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট। সাভারের রাজাসন এলাকার ভিশন গার্মেন্টসের শ্রমিকদের বকেয়া বেতন-ভাতার দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধন শেষে অনুষ্ঠিত সমাবেশে দেওয়া বক্তব্যে ফ্রন্টের সাভার-আশুলিয়া-ধামরাই শিল্পাঞ্চল কমিটির সভাপতি সৌমিত্র কুমার দাশ বলেন, কোনো কারণ ছাড়াই প্রায় তিন মাস আগে ভিশন গার্মেন্টসের ৩৫ শ্রমিককে কারখানা থেকে বের করে দেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী তাঁদের পাওনা পরিশোধ করা হয়নি। মালিকপক্ষ একাধিকবার দিন ধার্য করেও নানা অজুহাতে তাঁদের বেতন-ভাতা পরিশোধে গড়িমসি করে চলেছে।
সমাবেশে আরও বক্তব্য দেন ফ্রন্টের সাধারণ সম্পাদক আহমেদ জীবন, সাভার পৌর কমিটির সাধারণ সম্পাদক কাওসার আহমেদ ও ভিশন গার্মেন্টসের শ্রমিক জোসনা, রিতা ও চাঁদনী।