কারখানা খোলার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরের ইসদাইরে বন্ধ ‘জব্বার ফ্যাশন’ কারখানা খুলে দেওয়া এবং শ্রমিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন শ্রমিকেরা।
গতকাল সোমবার দুপুরে নগরের চাষাঢ়া বিকেএমইএ কার্যালয়ের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে তাঁরা বিকেএমইএ কার্যালয়ে স্মারকলিপি দেন।
সমাবেশে বক্তব্য দেন জব্বার ফ্যাশনের শ্রমিক রুবেল, রাজ্জাক, সানোয়ার, তাসলিমা, ওমর প্রমুখ। সংহতি জানিয়ে বক্তব্য দেন গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি এম এ শাহীন।
এসবি গ্রুপের প্রতিষ্ঠান জব্বার ফ্যাশনের সুইং বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মচারী জানান, পাঁচ বছর ধরে ৩৫০ শ্রমিক এই কারখানায় কাজ করে আসছেন। ১৬ এপ্রিল কিছু না জানিয়ে হঠাৎ করেই কারখানার মূল গেটে তালা ঝুলিয়ে দেয় মালিকপক্ষ। এই মাসের ১৫ দিন সব শ্রমিক নিয়মিত কাজ করেছেন। এই কাজের মজুরি না দিয়েই কারাখানা বন্ধ করে দেওয়া হয়েছে। গত রোববার রাতের আঁধারে পুলিশ প্রহরায় কারখানার মালামাল অন্যত্র সরিয়ে ফেলা হয়েছে। যখন চাকরি এবং থাকা-খাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে, তখন মালিকপক্ষ শ্রমিকদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা করে হয়রানি করছে। গতকাল সকালেও সুইং বিভাগের শ্রমিক জাহাঙ্গীরকে আটক করা হয়েছে।
এ ব্যাপারে জব্বার ফ্যাশনের পরিচালক মোহম্মদ খোকন বলেন, ‘এসবি গ্রুপের ছোট একটি ইউনিট জব্বার ফ্যাশন, ইসদাইরে একটি ফ্লোর ভাড়া নিয়ে পরিচালিত হতো। এই কারখানায় ৭০ জন প্রোডাকশন এবং ২০০ শ্রমিক বেতনভুক্ত হিসেবে কাজ করতেন। আমরা যে ফ্লোর ভাড়া নিয়েছিলাম চুক্তি অনুযায়ী গত বছর তার মেয়াদ শেষ হলেও আরও এক বছরের জন্য মেয়াদ বাড়ানো হয়। কিন্তু এবার মেয়াদ শেষ হয়ে গেলে মালিক কারখানার ফ্লোর ছেড়ে দেওয়ার জন্য নোটিশ দিলে আমরা কারখানা শিফট করি। শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের সকল পাওনা পরিশোধ করি।
শ্রম আইন অনুযায়ী ৮ কিলোমিটারের মধ্যে কোনো কারখানা স্থানান্তর হলে শ্রমিকেরা ওই কারখানায় কাজ করতে পারবে। সে অনুযায়ী আমরা সকল শ্রমিককে নোটিশ দিয়েছি। কিন্তু তারা সেখানে যাবে না বলে অযৌক্তিক বায়না ধরেছে। আমরা পরিবহনসুবিধা পর্যন্ত দিতে চেয়েছি। তার পরও শ্রমিকেরা বিধিবহির্ভূত এই পরিস্থিতি ঘোলা করছে।’ শ্রমিক জাহাঙ্গীরকে আটক করা প্রসঙ্গে তিনি কিছু বলতে পারেননি।