কারখানা থেকে অজগর উদ্ধার পরে অবমুক্ত
চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ইউনিয়নের একটি ইস্পাত কারখানার ভেতর থেকে একটি অজগর উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার রাতে অজগরটি উদ্ধার করা হয়। গতকাল শনিবার অজগরটি ভাটেরখীল সাগর উপকূলে সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হয়।
স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার রাত আটটার দিকে মওলানা ইস্পাত কারখানার ভেতরে নিজ বাসার পাশে পাঁচ ফুট লম্বা অজগরটি দেখতে পান শ্রমিক মাহমুদ। পরে প্রায় এক ঘণ্টার চেষ্টায় অজগরটি ধরা হয়। উপকূলীয় বন বিভাগের কর্মকর্তা গতকাল অজগরটি অবমুক্ত করেন।
কারখানার শ্রমিকেরা জানান, দুই মাস আগেও তাঁরা কারখানার ভেতরে অজগর দেখতে পেয়েছেন। কারখানায় আরও অজগর থাকতে পারে বলে তাঁরা ধারণা করছেন।
উপকূলীয় বন বিভাগের সীতাকুণ্ড রেঞ্জ কর্মকর্তা মো. আবুল হোসেন ভুঁইয়া জানান, বাঁশবাড়িয়া উপকূলীয় বিটের অধীন এলাকা থেকে অজগরটি উদ্ধার হওয়ায় সেটি সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হয়েছে।