কারখানা থেকে নকল পানীয়সহ নানা পণ্য জব্দ
নরসিংদীর শিবপুরে নকল কারখানার সন্ধান পেয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মাছিমপুর ইউনিয়নের খড়িয়া এলাকায় অভিযান চালিয়ে কারখানাটি সিলগালা করা হয়। পরে গতকাল বুধবার দুপুর ১২টার দিকে কারখানার নকল পণ্যসামগ্রী ও উৎপাদনের যন্ত্রাংশ জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম। জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, শিবপর উপজেলার খড়িয়া গ্রামে শরীফ কনজ্যুমার লিমিটেড নামের একটি নকল ও ভেজাল খাদ্যসামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠানের সন্ধান পেয়ে অভিযান চালানো হয়। অভিযানকালে কারখানা থেকে বিভিন্ন নামী-দামি কোম্পানির খাদ্যসামগ্রীর নমুনা পাওয়া যায় এবং তাদের কারখানায় উৎপাদিত বিপুল পরিমাণে ভেজাল খাদ্যসামগ্রী ও যন্ত্রাংশ উদ্ধার করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ‘ফ্রুট প্লাস’ নামের আমের জুস এবং দ্য হর্স ফিলিংস এক্সট্রা পাওয়ার, আরবি জিনসিং হিট প্লাস, লিডার ফিলিংস নামের যৌন উত্তেজক সিরাপ, ডিজিটাল ললিপপ নামের চকলেট, মূসলী ব্রেকফাস্ট গ্রেইন নামক সিরাপ, সন্ধ্যা খাঁটি সরিষার তেল, গরু মোটাতাজাকরণ ইনজেকশন (ইরাসেফ ভেট) ও খাদ্যে মেশানো কেমিক্যাল জব্দ করা হয়। সব পণ্যসামগ্রীর গায়ে জনস্বাস্থ্য অধিদপ্তর ল্যাব কর্তৃক পরীক্ষিত, সায়েন্সল্যাব কর্তৃক পরীক্ষিত ও বিএসটিআইয়ের সিলমোহরযুক্ত স্টিকার লাগানো ছিল। গতকাল বুধবার দুপুরে শিবপুরের প্রত্যন্ত অঞ্চল খড়িয়া এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, কাঁটাতারের বেষ্টনী দেওয়া দ্বিতল ভবনের একটি বাড়ি। প্রতিটি কক্ষেই বিভিন্ন নামে এনার্জি ড্রিংকস, জুস, চকলেট, চানাচুর, ছোট-বড় অনেক যন্ত্রাংশ ও বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। স্থানীয় আবদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘এই বাড়িতে আমরা কোনো দিন ঢুকতে পারি নাই। কী হয় তা-ও জানি না। দেহেন, চাইর দিক দিয়া কেমন কাঁটাতারের বেড়া দিয়া রাখছে। আর ভেতরে কয়েকটা কুত্তা আছে। গেলেই কামড়াইতে আহে। তাই ডরে কেউ যাই না।’ মালামাল জব্দকালে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ওবায়দুল আজম, পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন, শিবপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মুনিরা বেগম, ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম ও শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ আল জালাল প্রমুখ। জেলা প্রশাসক ওবায়দুল আজম প্রথম আলোকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। কিন্তু কারখানাটি যে এত বড় আমরা চিন্তাও করতে পারি নাই। এখানে বিভিন্ন নামী-দামি ব্র্যান্ডের জুস, কোমল পানীয়, এনার্জি ড্রিংকসসহ অনেক পণ্য গুণগত মান যাচাই না করেই উৎপন্ন করা হয়।’