কারখানা বন্ধ, তবু অবাধে বিক্রি হচ্ছে ‘অরোভিট’
রাজশাহীতে অরোভিট ড্রিংকস পাউডার পানিতে মিশিয়ে পান করে মা ও ছেলের মৃত্যুর পর কারখানা বন্ধ ও অনুমোদন বাতিল করা হয়েছে। কিন্তু এখনো গ্রামে গ্রামে অবাধে বিক্রি হচ্ছে মোড়কজাত অরোভিট।রাজশাহীর বিভিন্ন উপজেলায় খোঁজ নিয়ে দেখা গেছে, দোকানে দোকানে অবাধে বিক্রি হচ্ছে মেয়াদ ও উৎপাদনের তারিখবিহীন এই ড্রিংকস পাউডার। এটি পান করে কেউ মারা গেছে, কোম্পানির কারখানা বন্ধ ও লাইসেন্স বাতিল করা হয়েছে—এ বিষয়ে দোকানিরা কিছুই জানে না। দোকানে দুই টাকা দামের অরোভিটের প্যাকেটের গায়ে উৎপাদনের কোনো তারিখ নেই। কোনোটিতে মেয়াদের তারিখ আছে, আবার কোনোটিতে নেই। যেগুলোতে আছে তার একটিতে হয়তো মেয়াদ-উত্তীর্ণ হওয়ার তারিখ দেওয়া রয়েছে ২০১৩ সালের এপ্রিল, অপরটিতে ২০১২ সালের মে।রাজশাহীর পুঠিয়া উপজেলার ধোপাপাড়া বাজারের দোকানি মনোয়ার হোসেন বলেন, ‘আজও (২২ জুন) অরোভিটের লোক এসেছিল। কিন্তু আমার দোকানে অরোভিট আছে এই জন্য নতুন করে আর নেইনি। তবে প্যাকেটের গায়ে উৎপাদন ও মেয়াদের সিল আছে কি না বিষয়টি খেয়াল করিনি। এই ড্রিংকস কারখানা বন্ধ রয়েছে কি না তাও জানি না। পান করে কেউ মারা গেছে কি না সে খবরও পাইনি।’চারঘাট উপজেলার বনকিশোর বাজারের নাম প্রকাশে অনিচ্ছুক একজন মুদি দোকানি জানান, তিনি পুঠিয়া উপজেলার বানেশ্বর থেকে এই মাল নিয়ে আসেন। মাসখানেক আগে এনেছেন। সেগুলো শেষ হয়নি বলে ফের আনতে যাননি। অরোভিট নিয়ে কিছু হয়েছে কি না তিনিও জানেন না বলে জানান।বাঘা উপজেলা সদরের প্রায় মুদি দোকানে অরোভিটের প্যাকেট ঝোলানো রয়েছে। গত বুধবার (২০ জুন) বাঘায় একটি মুদি দোকানের সামনে দাঁড়িয়ে একটি শিশুকে অরোভিটের পাউডার হাতের তালুতে ঢেলে নিয়ে খেতে দেখা যায়।বিএসটিআইয়ের রাজশাহীর আঞ্চলিক পরিচালক রেজাউল করিম সরকার বলেন, ‘ঢাকায় অরোভিটের নমুনা পাঠিয়ে গরমিল পাওয়ার পর কারখানা বন্ধ এবং লাইসেন্স বাতিল করা হয়েছে। তাদের পণ্য জব্দ করা হয়েছে। উপজেলা পর্যায়ে কোথা থেকে অরোভিট আসছে তা বুঝতে পারছি না। এই ড্রিংকস পান করে মারা যাওয়ার ব্যাপারে মান্দা থানায় একটি জিডি করা হয়েছে। ঢাকায় সিআইডিতে পরীক্ষার জন্য আলামত পাঠানো হয়েছে। পরীক্ষায় অরোভিট যদি মৃত্যুর কারণ হিসেবে প্রমাণিত হয় তাহলে কোম্পানির বিরুদ্ধে হত্যামামলা হতে পারে।’নগরের তালাইমারী শহীদ মিনার এলাকায় অবস্থিত ‘অরোরা স্ট্যান্ডার্ড ফুডস কোং বাংলাদেশ’-এর ‘অরোভিট’ ড্রিংকস পাউডার পানিতে মিশিয়ে সরবত বানিয়ে পান করে ১৮ মে নওগাঁর মান্দা উপজেলার নলতৈড় গ্রামের ফেরদৌসী বিবি (৪০) ও তাঁর ছেলে মিলন (১১) মারা গেছে।