কারখানা বন্ধ, আয় নেই, ব্যয় আছে

দুই দশক ধরে বন্ধ ছয় কারখানা। রুগ্‌ণ চারটি। বিশেষজ্ঞরা মনে করেন, এসব কারখানার বিষয়ে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) আওতাধীন রাসায়নিক কারখানা চিটাগাং কেমিক্যাল কমপ্লেক্স প্রায় দুই দশক ধরে বন্ধ। তবে এই কারখানার পেছনে করপোরেশনটির ব্যয় আছে।

কী কী ব্যয়, জেনে নেওয়া যাক। ব্যবস্থাপনা পরিচালক, হিসাবরক্ষণ কর্মকর্তা, সহকারী সমন্বয়ক ও নিরাপত্তা ব্যবস্থাপক—এই চারজন স্থায়ী কর্মকর্তাকে নিয়মিত বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা দিতে হয়। ছয়জন স্থায়ী ও আটজন অস্থায়ী শ্রমিক রয়েছেন। তিনজন অস্থায়ী কর্মচারী, চারজন অস্থায়ী নিরাপত্তাকর্মী ও ৩০ জন আনসার সদস্যের পেছনেও ব্যয় করতে হয় মাসে মাসে।

শুধু চিটাগাং কেমিক্যাল কমপ্লেক্স নয়, বিসিআইসির মোট ছয়টি কারখানা প্রায় দুই দশক ধরে বন্ধ। বিসিআইসি সূত্র জানিয়েছে, এসব কারখানায় দেড় শতাধিক কর্মকর্তা, কর্মচারী ও নিরাপত্তা প্রহরী রয়েছেন। তাঁদের বেতন-ভাতার পেছনে মাসে মাসে বড় অঙ্কের অর্থ ব্যয় করতে হচ্ছে।

এই ব্যয় বিসিআইসির লোকসানের বোঝা বাড়াচ্ছে। করপোরেশনটির আওতাধীন সার কারখানাগুলোতে গ্যাসের অভাবে উৎপাদন ব্যাহত হয়। সার উৎপাদনে ব্যয় বেশি, বিক্রি করতে হয় সরকার নির্ধারিত দামে। সারের বাইরে অন্য কারখানাগুলোও লোকসান দিচ্ছে।

সব মিলিয়ে সর্বশেষ ২০২০-২১ অর্থবছরে বিসিআইসির লোকসান দাঁড়িয়েছে প্রায় ৩৪৬ কোটি টাকা। অবশ্য এই লোকসান আগের অর্থবছরের চেয়ে কম। আগের অর্থবছরে করপোরেশনটি লোকসান দিয়েছিল প্রায় ৭০০ কোটি টাকা। অবশ্য বছর দশেক আগে ২০১১-১২ অর্থবছরে বিসিআইসির লোকসান ছিল ৬ কোটি টাকার কম।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বিসিআইসির হাতে থাকা সার কারখানাগুলো রেখে বাকি কারখানা বেসরকারি খাত অথবা সরকারি-বেসরকারি অংশীদারত্বে (পিপিপি) ছেড়ে দেওয়া উচিত। এর চেয়েও ভালো বিকল্প হতে পারে বিদেশি বিনিয়োগের ব্যবস্থা করা, যেখানে বিসিআইসির অংশীদারত্ব, তবে বিনিয়োগ করবে বিদেশিরা।

বিসিআইসির হাতে এখন কারখানা রয়েছে ১৯টি। এর মধ্যে ৯টিই বন্ধ। চালু থাকা ১০টি কারখানার মধ্যে সার উৎপাদিত হয় ৬টিতে। চারটিতে কাগজ, সিমেন্ট, কাচ, স্যানিটারি ওয়্যার ও ইনস্যুলেটর উৎপাদিত হয়। এই কারখানাগুলো রুগ্‌ণ। সর্বশেষ অর্থবছরে দুটি সার কারখানা ছাড়া বাকি সব কটিই লোকসান দিয়েছে।

ছয়টি বন্ধ কারখানা ও সারের বাইরে লোকসানে থাকা অন্য পণ্য উৎপাদনকারী চার কারখানা নিয়ে শিল্প মন্ত্রণালয়ের চিন্তা কী, তা জানতে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর ফোনে যোগাযোগ করা হয়েছিল। তবে সাড়া পাওয়া যায়নি। ১৫ জানুয়ারি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার মাধ্যমে ই-মেইলে লিখিত বক্তব্য চেয়ে গতকাল সোমবার রাত পর্যন্ত উত্তর পাওয়া যায়নি।

বিসিআইসির পূর্বাপর

বাংলাদেশ সার, রসায়ন ও ভেষজ শিল্প করপোরেশন, বাংলাদেশ কাগজ ও বোর্ড করপোরেশন এবং বাংলাদেশ ট্যানারিজ করপোরেশন—এই তিন করপোরেশনকে একীভূত করে ১৯৭৬ সালে বিসিআইসি প্রতিষ্ঠিত হয়। তখন এর অধীনে প্রতিষ্ঠান ছিল ৮৮টি। পরে আরও ছয়টি কারখানা স্থাপন করে করপোরেশনটি। এর বাইরে আরও তিনটি কারখানা অন্য সংস্থা থেকে বিসিআইসির কাছে দেওয়া হয়। ফলে মোট প্রতিষ্ঠান দাঁড়ায় ৯৭টি।

অবশ্য ১৯৭৫ সালের পর থেকে সরকার বিরাষ্ট্রীয়করণ নীতি নেয়। ১৯৭৬ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিসিআইসির ৬৫টি কারখানা থেকে পুঁজি প্রত্যাহার এবং বিক্রি ও একীভূত করা হয়। এর মধ্যে ১৯৭৬ থেকে ১৯৭৯ সালের মধ্যে ছয়টি কারখানা আগের মালিকের কাছে ফেরত দেওয়া হয়। ১৯৭৮ সালে সাতটি কারখানা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের কাছে হস্তান্তর করে বিসিআইসি। করপোরেশনটির সূত্র জানিয়েছে, দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে লোকসানে থাকা আটটি কারখানা ২০০২ সালে জনবল ছাঁটাই করে বন্ধ ঘোষণা করা হয়।

দুই দশক ধরে বন্ধ ছয়টি

বিসিআইসি সূত্র জানায়, ঢাকা লেদার কোম্পানি লিমিটেড নামে একটি কারখানা ১৯৯৫ সালে উৎপাদনে যায়। তিন বছরের মাথায় সেটি বন্ধ ঘোষণা করা হয়। এর পর থেকে কারখানাটি বন্ধ। কারখানাটিতে এখনো একজন ব্যবস্থাপনা পরিচালক, হিসাবরক্ষক, শ্রমিক ও নিরাপত্তা প্রহরীসহ স্থায়ী-অস্থায়ী প্রায় ১৬ জন কর্মকর্তা-কর্মচারী।

ঢাকা লেদার কোম্পানি সাভারের নয়ারহাটে অবস্থিত। সম্প্রতি সেখানে গিয়ে দেখা যায়, জরাজীর্ণ কারখানার ভেতরে অবকাঠামো আছে। একজন নিরাপত্তা প্রহরী ও একজন কর্মচারী রয়েছেন। তবে তাঁরা কথা বলতে রাজি হননি। শুধু জানান যে ঢাকা লেদারের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সেলিম বিসিআইসির প্রধান কার্যালয়ে বসেন। ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কথা বলতে রাজি হননি।

অবশ্য ২০১৬ সালে শিল্প মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, ইতালির চামড়া ব্যবসায়ীরা এই কারখানা পরিবেশবান্ধব করে চালু করতে চায়। যদিও সেটির কোনো অগ্রগতি আছে কি না, জানা যায়নি।

২০০২ সালে বন্ধ ঘোষণা করা হয় খুলনা নিউজপ্রিন্ট মিলস লিমিটেড। কারখানাটির ৮৭ একর জমি ছিল। এর মধ্যে ৫০ একর জমি নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানিকে দেওয়া হয়েছে। বাকি জমি পড়ে আছে।

পাবনার পাকশীর নর্থ বেঙ্গল পেপার মিলস লিমিটেডের ১৩৩ একর জমি দেওয়া হয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়কে। এতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তার জন্য সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট স্থাপন করা হবে। বিসিআইসি জানিয়েছে, জমি হস্তান্তরের কার্যক্রম শেষ পর্যায়ে আছে।

খুলনা হার্ডবোর্ড মিলস লিমিটেড ২০০২ সালে বন্ধের পর কয়েকবার চালুর চেষ্টা করা হয়েছিল। সর্বশেষ ২০১৪ সালে কারখানাটি চালু করা হয়েছিল। কয়েক মাস পর তা আবার বন্ধ হয় যায়। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, পণ্যের উৎপাদন খরচের চেয়ে বাজারমূল্য কম হওয়ায় এবং বিকল্প পণ্য বাজারে আসায় কারখানাটি চালু রাখা সম্ভব হয়নি।

চিটাগাং কেমিক্যাল কমপ্লেক্সটি চালুর জন্য ২০১৩ সালে চীনের মেসার্স উহান এনিয়াং সায়েন্স অ্যান্ড টেকনোলজি লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে সরকার। কারখানা চালুর বদলে কাউকে না জানিয়ে ২০১৮ সালে প্রতিষ্ঠানটি বাংলাদেশ ছাড়ে।

বিসিআইসি সূত্র বলছে, জনবল ছাঁটাই করে কর্ণফুলী রেয়ন অ্যান্ড কেমিক্যালস লিমিটেড বন্ধ ঘোষণা করা হয় ২০০২ সালে। আর সেটি চালু হয়নি। বন্ধ থাকলেও স্থায়ী-অস্থায়ী মিলিয়ে কারখানাটির প্রায় ২৫ জন কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। বিসিআইসির বার্ষিক প্রতিবেদন, ওয়েবসাইট বা অন্য কোথাও এই কারখানা সম্পর্কে তেমন তথ্য পাওয়া যায় না।

লোকসান যে কারণে

শিল্প মন্ত্রণালয়ের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, ২০২০-২১ অর্থবছরে বিসিআইসির আয় ছিল প্রায় ২ হাজার ৭৬৩ কোটি টাকা। তবে ব্যয় হয় ৩ হাজার ১০৯ কোটি টাকা। অর্থাৎ এই অর্থবছরে লোকসান ছিল ৩৪৬ কোটি টাকার বেশি।

শিল্প মন্ত্রণালয়কে বিসিআইসি জানিয়েছে, বেতন-ভাতা বৃদ্ধি, নিরবচ্ছিন্ন গ্যাস না পাওয়া, উৎপাদনে ব্যবহৃত উপকরণের মূল্য বৃদ্ধি, প্রতিদ্বন্দ্বিতা বেড়ে যাওয়া, কারখানাগুলোর আয়ুষ্কাল কমে আসা, মেরামত ব্যয় বৃদ্ধি, দক্ষ জনবলের সংকট, মূলধনের ঘাটতি প্রভৃতি কারণে লোকসানে পড়েছে তারা।

কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিষ্ঠানটির এই অবস্থার পেছনে দুর্নীতিও অন্যতম কারণ। এ ছাড়া অদক্ষতা, উদাসীনতা, কাঁচামাল আমদানিতে ‘সিন্ডিকেটে’র কারণে বাড়তি ব্যয় ও পণ্য চুরির কারণেও লোকসান দিতে হচ্ছে।

সর্বশেষ পাঁচ অর্থবছরের তথ্য বিশ্লেষণে দেখা যায়, পুরো সময়টাই লোকসান দিয়েছে ছাতক সিমেন্ট কোম্পানি লিমিটেড, উসমানীয় গ্লাস শিট ফ্যাক্টরি লিমিটেড এবং বাংলাদেশ ইনস্যুলেটর অ্যান্ড স্যানিটারি ওয়্যার ফ্যাক্টরি লিমিটেড।

বাংলাদেশ ইনস্যুলেটর অ্যান্ড স্যানিটারি ওয়্যার ফ্যাক্টরি লিমিটেডের মহাব্যবস্থাপক মো. আলমগীরুল ইসলাম প্রথম আলোকে বলেন, কারখানাটি ২০১২ সাল থেকে লোকসানে আছে। লোকসান হচ্ছে মূলত স্যানিটারি ওয়্যার পণ্যে। এখানে বেতন বেশি, অনেক বেসরকারি প্রতিষ্ঠান বাজারে আসা, বর্তমান বাজারের সঙ্গে তাল মিলিয়ে না চলতে পারাসহ নানা কারণে এই লোকসান। তিনি ভবিষ্যতে লাভজনক হওয়ার সম্ভাবনাও দেখেন না।

কর্ণফুলী পেপার মিলের এক শীর্ষস্থানীয় কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, কাঁচামাল আমদানির দরপত্রে বড় অনিয়ম হয়ে থাকে। যে পণ্য ৫০০ কোটি টাকায় আমদানি করা সম্ভব, সংশ্লিষ্ট দালাল ও প্রভাবশালীদের কারণে তা আমদানিতে ব্যয় হয় তিন গুণ।

কর্ণফুলী পেপার মিলের ১ লাখ ২৭ হাজার একরের বেশি জমি আছে। দেশের বিভিন্ন অঞ্চলে থাকা এই জমির একটি অংশ বেদখল হয়ে গেছে বলেও জানান কর্মকর্তারা।

বিসিআইসির পাঁচ বছরের তথ্য বিশ্লেষণে আরও দেখা যায়, এই সময়ে লোকসানে পড়েনি একমাত্র টিএসপি কমপ্লেক্স লিমিটেড। তবে টিএসপি উৎপাদনে ব্যয় বেড়ে গেছে। কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক মো. আতাউর রহমান প্রথম আলোকে বলেন, ‘আগে আমাদের সার উৎপাদন খরচ হতো টনপ্রতি ৩৬ হাজার টাকার মতো। করোনা-পরবর্তী সময়ে বিদেশ থেকে আমদানি করা কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় টনপ্রতি খরচ হচ্ছে ৬০ হাজার টাকার বেশি।’

বিসিআইসির সার কারখানা যমুনা ফার্টিলাইজার, চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরি ও আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি কোনো কোনো বছর মুনাফার দেখা পায়।

সেই সাতটি বন্ধ

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টকে সাতটি কারখানা দিয়েছিল বিসিআইসি। উদ্দেশ্য ছিল, কারখানার আয় দিয়ে যেন মুক্তিযোদ্ধাদের কল্যাণ করতে পারে ট্রাস্ট। কিন্তু সেই উদ্দেশ্য বাস্তবায়িত হয়নি। কারণ, সব কটি কারখানাই বন্ধ। এর মধ্যে বহু আগেই বেঙ্গল ন্যাশনাল ট্যানারি, ন্যাশনাল ট্যানারি ও মদিনা ট্যানারি বিক্রি করে দিয়েছে ট্রাস্ট।

উল্লেখ্য, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের অধীনে ৩২টি প্রতিষ্ঠান রয়েছে। সবগুলো প্রতিষ্ঠান বন্ধ।

‘দ্রুত সিদ্ধান্ত নেওয়া দরকার’

বিসিআইসির বন্ধ ও লোকসানি কারখানাগুলোতে বিনিয়োগকারী আকর্ষণের জন্য বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ও রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষের (বেপজা) মতো প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞদের কেউ কেউ। তাঁরা মনে করেন, এসব কারখানার জমির কদর অনেক। দেশি-বিদেশি বিনিয়োগকারীরা যেখানে জমির সংকটে ভোগেন, সেখানে বন্ধ ও রুগ্‌ণ কারখানা টিকিয়ে রাখার মানে নেই। তবে রাজনৈতিক বিবেচনায় কাউকে এই জমি দেওয়া ঠিক হবে না।

অবশ্য বিশেষজ্ঞরা সার কারখানাগুলো সরকারের হাতে রাখার পক্ষে। তাঁরা বলছেন, সারের সঙ্গে খাদ্যনিরাপত্তার বিষয়টি জড়িত। তাই সার উৎপাদন সরকারের হাতে থাকতে হবে।

জানতে চাইলে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম প্রথম আলোকে বলেন, বিসিআইসির বন্ধ ও লোকসানি কারখানাগুলো এককভাবে বড় শিল্প প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা ঠিক হবে না। এগুলো বেজা, বেপজা ও বিসিকের মতো প্রতিষ্ঠানকে যদি দেওয়া যায়, তাহলে এসব জায়গায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পায়ন হতে পারে। তিনি বলেন, বেসরকারি বিনিয়োগের আওতায় নিয়ে আসতে বিসিআইসির বন্ধ কারখানাগুলোর ব্যাপারে সরকারের দ্রুত সিদ্ধান্ত দরকার।

গোলাম মোয়াজ্জেম আরও বলেন, বর্তমানে সার কারখানাগুলো যে পরিমাণ সার উৎপাদন করছে বা যা প্রয়োজন, তা কয়েকটি কারখানার মাধ্যমে উৎপাদন করে লোকসানি সার কারখানার পরিমাণ কমিয়ে আনা যেতে পারে।