কারখানা বন্ধ ও ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন
আকিজ গ্রুপের কারখানার রাসায়নিক বর্জ্যে সুনামগঞ্জের শিল্পশহর ছাতকের পরিবেশ ও প্রতিবেশ ক্ষতিগ্রস্ত করছে।
রাসায়নিক বর্জ্য ব্যবস্থাপনাহীন কারখানা বন্ধ ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবিতে গতকাল রোববার সকালে ‘কেমিক্যাল কারখানা দূষণ সংগ্রাম কমিটি, ছাতক’ ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) গতকাল রোববার সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করে।
বেলা সাড়ে ১১টা থেকে প্রায় ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষ ছাড়াও পরিবেশবাদী ও সংগঠনের নেতারা একাত্ম হন। সমাবেশ থেকে বলা হয়, ছাতক শহর থেকে জেলা সদরের সঙ্গে যুক্ত আমবাড়ি-সুনামগঞ্জ সড়কের শ্যামপাড়া এলাকায় সম্প্রতি ‘আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড’ নামে একাধিক কারখানা স্থাপন করা হয়। এসব কারখানার বিষাক্ত বর্জ্যে ছাতক পৌরসভার ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের আবাসিক এলাকার বাসিন্দা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাসায়নিক ধোঁয়ায় স্বাস্থ্যগত সমস্যায় ভুগছেন। কৃষিজমিতে রাসায়নিক বর্জ্যমিশ্রিত পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
ইতিমধ্যে কারখানার নিকটবর্তী কুমনা ও তিররাই ধরং বিলের প্রায় শত একর জমির বোরো ফসল নষ্ট হয়েছে।
তরল বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) স্থাপন না করে কীভাবে রাসায়নিক কারখানা উৎপাদনে যায়, তা খতিয়ে দেখতে স্থানীয় প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরে একাধিকবার অভিযোগ জানিয়েও কোনো প্রতিকার না পাওয়ায় এলাকাবাসী আন্দোলন-কর্মসূচি ঘোষণা করেছে উল্লেখ করে আরও বলা হয়, ক্ষতিপূরণ দিয়ে বর্জ্য ব্যবস্থাপনা কার্যকর না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখা হবে।
কেমিক্যাল কারখানার দূষণ প্রতিরোধ সংগ্রাম কমিটি, ছাতকের আহ্বায়ক হাজি বারিক মিয়ার সভাপতিত্বে সমাবেশে কারখানার দূষণ অবস্থা নিয়ে সরেজমিন পরিদর্শন করে লিখিত বক্তব্য দেন বাপা সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিম।
সংহতি জানিয়ে বক্তব্য দেন সুজন সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, সিলেট বণিক সমিতির পরিচালক এনামুল কুদ্দুস চৌধুরী, সিলেটের নাগরিক সংগঠন ‘সংক্ষুব্ধ নাগরিক আন্দোলন’ সংগঠক আলমগীর আলম, সংগ্রাম কমিটির সদস্যসচিব রশিদ আহমেদ, যুব সংগঠক আশরাফ উদ্দিন, সিলেটের ছাতক সমিতির সভাপতি আফজাল আহমদ প্রমুখ।