নারায়ণগঞ্জের কাঁচপুর শিল্পাঞ্চলের ওপেক্স অ্যান্ড সিনহা গ্রুপের কারখানা বন্ধ করার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার কারখানায় মিছিল করেন শ্রমিকেরা। এ সময় পাঁচটি গাড়িসহ কারখানার বিভিন্ন ভবনে ভাঙচুর করেন তাঁরা। এ সময় শ্রমিকদের সঙ্গে কর্মকর্তাদের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। এতে কর্মকর্তা-শ্রমিকসহ পাঁচজন আহত হন।পুলিশ ও প্রত্যক্ষদর্শী শ্রমিকেরা জানান, বুধবার বকেয়া বেতন নিয়ে কথা বলতে গেলে শ্রমিকদের সঙ্গে দুর্ব্যবহার করেন কারখানার এক পরিচালক ও এক কর্মকর্তা। এতে ক্ষুব্ধ হয়ে শ্রমিকেরা ওই দুই কর্মকর্তাকে পিটিয়ে আহত করেন। ওই দিনের জন্য কারখানা বন্ধ ঘোষণা করে মালিক পক্ষ।গতকাল সকাল আটটার মধ্যে কাজে যোগ দেন শ্রমিকেরা। কিন্তু সাড়ে আটটার দিকে কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে ক্ষুব্ধ হয়ে শ্রমিকেরা কারখানার ভেতরে বিক্ষোভ করেন। ভাঙচুর করেন বিভিন্ন ভবনের কাঁচ ও কর্মকর্তাদের পাঁচটি গাড়ি। এ সময় শ্রমিকদের সঙ্গে কর্মকর্তাদের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সহকারী মহাব্যবস্থাপক নাজমুল আলম, শ্রমিক আসমা আক্তার, হেলেনা আক্তার, নূরজাহানসহ কমপক্ষে পাঁচজন আহত হন। তাঁদের স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তবে ওপেক্স অ্যান্ড সিনহা গ্রুপের পরিচালক (প্রশাসন) দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, শ্রমিকেরা সকালে এসে কারখানার ভেতরে বিক্ষোভ মিছিল, কারখানার কাঁচ ও গাড়ি ভাঙচুর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদ বলেন, কারখানার আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।