কারখানা মন্দির বসতঘর নদীতে বিলীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর পলাশ উপজেলার শীতলক্ষ্যা নদী থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের কারণে গত রোববার প্রাণ ফুড ইন্ডাস্ট্রিয়াল পার্ক-২ ইউনিটের গাড়ি মেরামতের কারখানার আংশিক নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
এদিকে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বংশাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে গত রোববার একটি দুর্গামন্দির, একটি বসতঘর ও গাছপালা ভেঙে নদীগর্ভে চলে গেছে। এ ছাড়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বাঁধের একাংশ ভেঙে গেছে।
প্রাণ কর্তৃপক্ষের অভিযোগ, কারখানাসংলগ্ন এলাকায় ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের কারণেই এ ভাঙন শুরু হয়েছে। স্থানীয় প্রশাসনের কাছে লিখিত ও মৌখিকভাবে এর প্রতিকার চাওয়া হলেও কোনো সমাধান হয়নি। রোববার সন্ধ্যায় নদীর পাড়ে আকস্মিকভাবে ভাঙন শুরু হয়। রাত ১০টার দিকে তীরবর্তী প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্ক-২-এর তীর রক্ষাকারী দেয়াল, গাড়ি মেরামতের ঘর, সংরক্ষণকক্ষ, নিরাপত্তা প্রহরীর কক্ষসহ প্রায় ১০০ ফুট নদীতে ভেঙে পড়ে। ১৩ জুলাই প্রথম আলোর বিশাল বাংলায় ‘শীতলক্ষ্যায় বালু তোলা চলছেই’ শিরোনামে এবং গত ১০ নভেম্বর প্রথম আলোর বিশাল বাংলায় ‘পলাশে শীতলক্ষ্যার বুকে ক্ষমতাসীনদের বালুমহাল’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন দুটি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিওটিএ) আওতাধীন নারায়ণগঞ্জ নৌবন্দর কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়। পরে বালুমহাল ও বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়।
নরসিংদীর প্রাণ ফুড ইন্ডাস্ট্রিয়াল পার্কের উপব্যবস্থাপক (প্রশাসন) মো. কামাল হোসেন বলেন, ‘আমাদের কারখানায় প্রায় ১০ হাজার লোক কাজ করে। কারখানা ও এসব শ্রমজীবী মানুষের কথা চিন্তা করে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে কারখানা টিকিয়ে রাখা অসম্ভব হয়ে পড়বে।’
পলাশের ইউএনও নাসিমা খানম বলেন, ‘আমরা বেশ কয়েকবার অভিযান চালিয়ে যন্ত্রপাতি জব্দ করেছি।’
মির্জাপুরের কয়েকজন বাসিন্দা জানান, বংশাই নদী থেকে খননযন্ত্রের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে রোববার দুপুরে নদীতীরবর্তী ত্রিমোহন গ্রামের হিরণ বালা বিশ্বাসের পরিবারের একটি দুর্গামন্দির ও বসতঘর, কয়েকটি বাঁশঝাড় ও গাছপালা নদীগর্ভে বিলীন হয়ে যায়। ইতিমধ্যে পাউবোর বাঁধের একাংশ নদীতে বিলীন হয়ে গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১২ মে ঢাকার এনএন বিল্ডার্স নামের ঠিকাদারি প্রতিষ্ঠান ৩৯ লাখ ৫০ হাজার টাকা দিয়ে উপজেলার কুড়িপাড়া পলাশতলী থেকে ফতেপুর ইউনিয়নের ফতেপুর থলপাড়া পর্যন্ত ছয়টি বালুমহাল ইজারা নেয়। ইজারার শর্তে পাম্প বা ড্রেজিং বা অন্য কোনো মাধ্যমে ভূগর্ভস্থ বালু বা মাটি উত্তোলন করা যাবে না বলে উল্লেখ রয়েছে। কিন্তু তারা ওই নিয়ম না মেনে পাম্প বা ড্রেজিংয়ের মাধ্যমে বালু উত্তোলন করছে। এ নিয়ে ১১ জুলাই ‘ভাঙনের ঝুঁকিতে বাঁধ ও বাড়ি’ এবং ২৮ জুলাই ‘মির্জাপুরে খননযন্ত্র দিয়ে বালু উত্তোলন অব্যাহত’ শিরোনামে প্রথম আলোয় দুটি প্রতিবেদন প্রকাশিত হয়। কিন্তু এখন পর্যন্ত খননযন্ত্র দিয়ে বালু উত্তোলন বন্ধ হয়নি। হিরণ বালার ছেলে চিকিৎসক শান্তি রঞ্জন বিশ্বাস জানান, বাড়ি ভাঙনের বিষয়টি তাঁরা স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাকির হোসেন ও স্থানীয় প্রশাসনকে জানিয়েছেন।
বালু উত্তোলন অব্যাহত থাকায় নদীতীরবর্তী গোড়াইল, যোগীরকোফা, দেওহাটা, চাকলেশ্বর, থলপাড়া ও ফতেপুর এলাকায় ভাঙন এখনো অব্যাহত রয়েছে। বালু উত্তোলনে ভাঙন হয়নি দাবি করে এনএন বিল্ডার্সের মহাব্যবস্থাপক আনারুল ইসলাম বলেন, ‘ওই এলাকায় খননযন্ত্র রাখা হয় না। এর পরও বিষয়টি দেখছি।’ মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন সুলতানা বলেন, খোঁজ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।