
রাজধানীর মিরপুরে রেজাউল অ্যাপারেলস (প্রাইভেট) লিমিটেড নামের একটি পোশাক কারখানা স্থানান্তরকে কেন্দ্র করে গতকাল সোমবার শ্রমিকদের সঙ্গে পুলিশের কয়েক দফা ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এতে তিন শ্রমিক আহত হয়েছেন। পুলিশ জানায়, কারখানা স্থানান্তরের আগে তিন মাসের বেতন-বোনাস দাবি করেন শ্রমিকেরা। কিন্তু মালিকপক্ষ এতে রাজি না হওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়।
শ্রমিকেরা বলেন, মিরপুর চিড়িয়াখানা রোডের একটি বহুতল ভবনে রেজাউল অ্যাপারেলস কারখানায় কাজ চলছে এক যুগ ধরে। সম্প্রতি মালিকপক্ষ কারখানাটি গাজীপুরের কোনাবাড়ীতে স্থানান্তরের সিদ্ধান্ত নেয়। শ্রমিকদের জানানো হয়, আগামী ২৮ ফেব্রুয়ারি কোনাবাড়ীতে কারখানাটির কার্যক্রম শুরু হবে। এরপর কিছু শ্রমিক জানান, নতুন ঠিকানায় যাবেন না এবং তাঁরা তিন মাসের বেতন, বোনাস, মূল বেতনের সমান টাকা ও এক বছরের ছুটির (১৬ কর্মদিবস) টাকা দাবি করেন।
প্রত্যক্ষদর্শীরা বলেন, কারখানা বন্ধ দেখে শ্রমিকেরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁরা ফটকের তালা ভাঙতে উদ্যত হলে পুলিশ বাধা দেয়। শ্রমিকেরা বিক্ষোভ ও ইটপাটকেল নিক্ষেপ করে কারখানা ভাঙচুর ও মিরপুর চিড়িয়াখানা সড়ক অবরোধ করেন। পরে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। শ্রমিকদের দাবি, পুলিশের গুলি ও লাঠিপেটায় এক অন্তঃসত্ত্বা নারী শ্রমিকসহ অন্তত সাতজন আহত হন।
ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার মাসুদ আহম্মদ বলেন, শ্রমিকেরা সড়ক অবরোধ করে যানবাহন ভাঙচুরের চেষ্টা করলে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। এতে কেউ আহত হননি।
তবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থানীয় হাসপাতাল থেকে তিন শ্রমিকসহ চারজনের চিকিৎসা নেওয়ার তথ্য পাওয়া গেছে। তাঁরা হলেন সোনিয়া আক্তার, জুয়েল শিকদার, চায়না খাতুন ও মাহফুজ।
বেলা দেড়টার দিকে ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের জ্যেষ্ঠ সহকারী কমিশনার এফ এম ফয়সাল জানান, মালিকপক্ষ বেতন দেওয়ার ঘোষণা দিয়েছে। এরপর পরিস্থিতি শান্ত হয়।
শ্রমিকেরা জানান, সাড়ে তিনটার দিকে কারখানার শ্রমিকদের একটি অংশ মালিকপক্ষ ও বিজিএমইএ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করতে বিজিএমইএ ভবনে যায়।
রাত পৌনে নয়টায় পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ সহসভাপতি মাহমুদ হাসান খান বলেন, বৈঠকে সমঝোতা হয়েছে। আগামী বৃহস্পতিবার শ্রমিকদের পাওনা বুঝিয়ে দেবে কারখানার মালিকপক্ষ।