কারখানা সরানোর দাবিতে কেরানীগঞ্জে সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ আবাসিক এলাকা থেকে গ্লোবাল হেভি কেমিক্যাল লিমিটেড নামের রাসায়নিক কারখানাটি অন্যত্র সরিয়ে নেওয়ার দাবিতে গতকাল শুক্রবার হাসনাবাদে প্রতিবাদ সমাবেশ হয়েছে।সু-সচেতন নাগরিক কমিটির ব্যানারে হাসনাবাদের কনটেইটার রোডে আয়োজিত প্রতিবাদ সমাবেশে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ, ইকুরিয়া, বেয়ারা, দোলেশ্বর, আইন্তা, মোকামপাড়া, মজিদবেয়ারা, আড়াকুল, মীরেরবাগ ও পানগাঁও গ্রামের কয়েক হাজার মানুষ অংশ নেয়।শুভাঢ্যা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইকবাল হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ (ঢাকা-৩) নসরুল হামিদ। সমাবেশে বক্তব্য দেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিন আহমেদ, কোন্ডা ইউপি চেয়ারম্যান আতিক উল্লাহ, আগানগর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ, সু-সচেতন নাগরিক কমিটির আহ্বায়ক ওসমান গনি ও যুগ্ম আহ্বায়ক এস এম রহমত উল্লাহ।সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নসরুল হামিদ বলেন, ‘এলাকার মানুষকে বাঁচানোর জন্য আজ আমি আপনাদের সঙ্গে শামিল হয়েছি। রাসায়নিক কারখানা স্থাপনের ফলে এই এলাকার মানুষের জীবন বিপন্ন হয়ে পড়েছে।’ তিনি বলেন, ‘আমি কারখানার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। তারা বলেছে, কারখানা স্থাপনে তাদের ৪০০ কোটি টাকা ব্যয় হয়েছে। মালিকপক্ষের কাছে আমার প্রশ্ন—৪০০ কোটি টাকার মূল্য বেশি, নাকি অর্ধলক্ষাধিক মানুষের জীবনের দাম বেশি।’উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিন আহমেদ বলেন, পরিবেশ ও মানুষের জীবন বিপন্ন করে গড়ে তোলা কারখানাটি সরিয়ে নিতে উপজেলা পরিষদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।সু-সচেতন নাগরিক কমিটির আহ্বায়ক ওসমান গনি বলেন, জনস্বার্থের বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত এই সমস্যার সমাধান করা দরকার। এ জন্য তিনি সরকারের উচ্চ মহলের হস্তক্ষেপ কামনা করেন। তিনি বলেন, কারখানাটি সরিয়ে না নেওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন অব্যাহত থাকবে।সু-সচেতন নাগরিক কমিটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এস এম রহমত উল্লাহ বলেন, ওই রাসায়নিক কারখানায় বেশ কয়েকবার দুর্ঘটনা ঘটেছে। এতে শতাধিক ব্যক্তি আহত হয়েছে। তিনি বলেন, কারখানার আশপাশে লক্ষাধিক লোকের বসবাস। এই অবস্থায় কারখানাটি অন্যত্র সরিয়ে নেওয়া জরুরি।