বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান ও উপপরিচালককে (পরিকল্পনা) অপসারণ এবং পঞ্চগড়ে প্রস্তাবিত সরকারি চা প্রক্রিয়াজাতকরণ কারখানা স্থাপনসহ কয়েক দফা দাবিতে ক্ষুদ্র চা-চাষিরা মানববন্ধন ও সমাবেশ করেছেন।
বাংলাদেশ স্মল টি গার্ডেন ওনার্স অ্যাসোসিয়েশন এই কর্মসূচির আয়োজন করে। পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের পাশে গতকাল রোববার বেলা সাড়ে ১০টা থেকে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি চলে। পঞ্চগড়-১ আসনের সাবেক সাংসদ মোজাহারুল হক প্রধান, জেলা পরিষদের সাবেক প্রশাসক আবু বকর ছিদ্দিক প্রমুখ বক্তব্য দেন। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
স্মারকলিপিতে বলা হয়, গত ২৫ এপ্রিল শহরতলির ধাক্কামারার বাগানবাড়ির পঞ্চগড় আঞ্চলিক চা বোর্ডে দুই দিনব্যাপী বার্ষিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের সভাপতি আমিরুল হক বক্তব্য দেওয়ার সময় বাধা দেন চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল সাফিনুল ইসলাম। টেবিল চাপড়ে ধমকের সুরে তিনি বক্তব্য থামাতে বলেন। বোর্ডের উপপরিচালক (পরিকল্পনা) মুনির আহমদও অসৌজন্যমূলক আচরণ করেন। তাঁরা চাষিদের উদ্দেশে অশালীন ভাষায় কথা বলেন। একপর্যায়ে চাষিদের প্রতিবাদের মুখে বোর্ডের চেয়ারম্যানসহ কর্মকর্তারা কর্মশালাস্থল ত্যাগ করেন।
চেয়ারম্যান মেজর জেনারেল সাফিনুল ইসলাম ওই ঘটনার পর সাংবাদিকদের বলেছিলেন, ‘আমি তাঁদের দাবিসংবলিত লিখিত বক্তব্য চেয়েছিলাম। এ জন্যই বক্তব্য থামাতে বলেছিলাম।’