কারখানা হঠাৎ বন্ধ ঘোষণা, শ্রমিকদের বিক্ষোভ
আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেডের পাবনার ঈশ্বরদী শাখার বিড়ি উৎপাদন কারখানা আজ রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। কোনো পূর্ব ঘোষণা ছাড়া কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়েছে বলে অভিযোগ তুলে বিক্ষুব্ধ শ্রমিক ও তাঁদের পরিবারের সদস্যরা দুপুরে কারখানার সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেছে।
আজ বিকেল সাড়ে চারটায় কারখানায় গিয়ে দেখা যায়, কারখানায় তালা ঝোলানো। কোনো কর্মচারী-কর্মকর্তা নেই। কারখানার এক কর্মকর্তার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে নাম গোপন রাখার শর্তে তিনি বলেন, কারখানায় প্রতিদিন ২৫০০ নারী ও পুরুষ শ্রমিক কাজ করেন। এ ছাড়া শতাধিক অনিয়মিত শ্রমিক রয়েছেন। কর্মচারীর সংখ্যা ৪০ জন। গড়ে প্রতি সপ্তাহে শ্রমিক মজুরি ও ব্যান্ডরোল বাবদ তাঁদের খরচ হয় ৪৫ লাখ টাকা। শ্রমিক-কর্মচারীদের মজুরি বা বেতন কখনো বকেয়া রাখা হয় না। কিন্তু বেশ কিছুদিন যাবৎ দুই মালিকের মধ্যে আর্থিক নানা বিষয় নিয়ে মতভেদ চলে আসছে। একজন ব্যাংক চেকে স্বাক্ষর করলে অন্যজন করতে চান না। এ নিয়ে দীর্ঘ বিরোধের কারণে শ্রমিকদের মজুরি বকেয়া পড়েছে। এ অবস্থায় মালিকদের নির্দেশে কারখানাটি আজ থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে। কবে চালু হবে সে বিষয়ে মালিক কিছু জানাননি।
শ্রমিকদের ভাষ্য, পাবনার ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নের গোকুলনগর গ্রামে অবস্থিত বিড়ি কারখানাটিতে একাধিক শিফটে (পালা) কাজ করেন তাঁরা এবং সপ্তাহ শেষে মজুরি পেয়ে থাকেন। আজ বেলা সাড়ে ১১টার দিকে কাজ করতে এসে কারখানার প্রধান ফটকে তালা দেখতে পান শ্রমিকেরা। পরে অফিসও বন্ধ পান এবং ওই সময় কোনো দায়িত্বশীল কর্মকর্তাকে অফিসে পাওয়া যায়নি। দুপুর সাড়ে ১২টার দিকে কারখানার দুজন কর্মচারী শ্রমিকদের জানান, মালিকদের নির্দেশে আজ থেকে কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ থেকে আর শ্রমিকদের কাজে আসার দরকার নেই। কারখানাটি বন্ধ করার কথা এভাবে মুখে মুখে ছড়িয়ে পড়লে গোকুলনগর, পুরাতন ঈশ্বরদী ও চারা বটতলা প্রভৃতি এলাকায় বাস করা কারখানার শ্রমিক ও তাঁদের পরিবারের সদস্যরা কারখানার সামনে গিয়ে বিক্ষোভ করে। পরে কারখানা চালুর দাবিতে সেখানে তারা মানববন্ধন করে।
কারখানার এক শ্রমিক প্রথম আলোকে বলেন, তিনি তিন বছর ধরে কারখানায় কাজ করছেন। ওখানে কাজের টাকা দিয়েই সংসার চালান ও দুই সন্তানের লেখাপড়ার খরচ জোগান। বেশ কিছু দিন ধরে তিনি মজুরি পাচ্ছেন না। এ অবস্থায় কারখানাটি বন্ধ হয়ে গেলে স্ত্রী-সন্তান নিয়ে চরম বিপদে পড়তে হবে। তাঁর মতো অন্য শ্রমিকদেরও একই অবস্থা।
মোবাইলে কারখানার ব্যবস্থাপক আলী সাদাত খাঁন মজলিস বলেন, কিছু সমস্যার কারণে তিনি বর্তমানে ঈশ্বরদীতে নেই। তবে কারখানায় কোনো নোটিশ না দিলেও ঈশ্বরদীর কাস্টম অফিসে লিখিতভাবে কারখানাটি বন্ধ ঘোষণার কথা জানিয়েছেন। এ জন্য আজ থেকে কোনো কর্মকর্তা-কর্মচারী কারখানায় কাজে আসেননি। শ্রমিকদের বকেয়া প্রসঙ্গে জানতে চাইলে তিনি এ বিষয়ে কিছু বলতে চাননি।