চট্টগ্রামে হালদা নদীদূষণের দায়ে একটি ডায়িং কারখানাকে ৩০ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল বুধবার এম এ রহমান ডায়িং লিমিটেড নামের কারখানাকে এই জরিমানা করেন অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী। জানা গেছে, জালালাবাদের কুলগাঁও এলাকায় সাদমুসা গ্রুপের মালিকানাধীন এই কারখানাটি গত ৪ অক্টোবর আকস্মিক পরিদর্শন করেন মুনীর চৌধুরীর নেতৃত্বে একটি দল। তাঁরা তাৎক্ষণিকভাবে কারখানার বর্জ্যে হালদা নদীদূষণের প্রমাণ পান। কারখানাটির বর্জ্য শোধনাগার থাকলেও তখন সেটি বন্ধ রেখে উৎপাদন কার্যক্রম চালানো হচ্ছিল বলে পরিদর্শক দল দেখতে পায়। সেখান থেকে তরল বর্জ্যের নমুনা পরীক্ষা করে নদীদূষণের বিষয়টি আরও নিশ্চিত হওয়া যায় বলে অধিদপ্তর সূত্রে জানা গেছে। সূত্র জানায়, পরে গতকাল কারখানার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মহসীনকে ঢাকায় তলব করে এই জরিমানা করা হয়।