
ট্যানারির বর্জ্য দিয়ে মুরগি ও মাছের খাবার তৈরির অপরাধে দুজনকে দণ্ড দিয়েছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার রাজধানীর হাজারীবাগ বেড়িবাঁধ এলাকায় সোনাতনগড়ে ‘হাইপো ফিড কারখানা’ নামের একটি প্রতিষ্ঠানে র্যাব-২ এর অভিযান শেষে এই দণ্ড দেওয়া হয়। সিলগালা করে দেওয়া হয়েছে কারখানাটি।
দণ্ডপ্রাপ্তরা হলেন সাইফুল ইসলাম ও মো. জামাল মিয়া। সাইফুলকে দুই বছরের কারাদণ্ড, দুই লাখ টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। অন্যদিকে জামালকে দুই লাখ টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার পাশা।
র্যাব জানায়, ওই কারখানাটির ওপর নজর রেখেছিল র্যাব। সেখান থেকে এক বস্তা মুরগির ও এক বস্তা মাছের খাবার কিনে তা কৃষি গবেষণা কাউন্সিলের পুষ্টি ইউনিটের পরিচালক মনিরুল ইসলামের তত্ত্বাবধানে পরীক্ষা করা হয়। পরীক্ষায় দেখা যায়, মাছের খাবারে ক্রোমিয়ামের পরিমাণ প্রায় পাঁচ হাজার পিপিএম ও মুরগির খাবারে প্রায় চার হাজার পিপিএম। অথচ এসব খাবারে ৩০ পিপিএমের বেশি ক্রোমিয়াম থাকা ঝুঁকিপূর্ণ। র্যাব জানতে পারে, ওই কারখানায় ট্যানারির বিষাক্ত বর্জ্য ব্যবহার করে খাবার তৈরি করা হয় এবং মাত্রাতিরিক্ত ক্রোমিয়ামের কারণ ওই বর্জ্য।
র্যাব জানায়, এ ধরনের খাবার খেলে মুরগি ও মাছ দ্রুত বাড়ে বলে জানতে পেরেছে তারা। এ খাবার দামেও সস্তা। এসব সুবিধার কথা চিন্তা করে ব্যবসায়ীরা মাত্রাতিরিক্ত ক্রোমিয়াম থাকা সত্ত্বেও এ ধরনের খাবার তৈরি করছেন।
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চামড়া প্রক্রিয়াজাত করতে ২০ ধরনের রাসায়নিক দ্রব্য ব্যবহৃত হয়। ক্রোমিয়াম তার একটি। চামড়া মসৃণ করার সময় যে গুঁড়া বা পাতলা অংশ উচ্ছিষ্ট হয়, তা ঝুট (বর্জ্য) হিসেবে ট্যানারিগুলো বিক্রি করে দেয়। এ ঝুটে ক্রোমিয়াম থাকে। সেই ঝুট দিয়ে তৈরি হয় মাছ ও মুরগির খাবার।
ম্যাজিস্ট্রেট আনোয়ার পাশা বলেন, সব মুরগি ও মাছ ক্ষতিকর ভেবে উদ্বিগ্ন হওয়ার কোনো কিছু নেই। দেশে অনেক কারখানায় মানসম্পন্ন মাছ ও মুরগির খাবার তৈরি হয়। গুটিকয়েক অসাধু ব্যবসায়ীর অপতৎপরতা বন্ধ করতে এ অভিযান।