গাজীপুরের টঙ্গীর বিএইচআইএস অ্যাপারেলস লিমিটেডের অর্ধশতাধিক শ্রমিককে গতকাল বুধবার সকালে কারখানায় ঢুকতে দেয়নি কর্তৃপক্ষ। এ ঘটনায় ওই শ্রমিকদের সঙ্গে অন্য শ্রমিকেরাও বিক্ষোভ করেন।
শিল্প পুলিশ ও কারখানার শ্রমিকেরা জানান, টঙ্গীর দত্তপাড়ার লেদু মোল্লা রোডের ওই কারখানার কয়েকজন কর্মকর্তা গত মঙ্গলবার পাঁচ শ্রমিককে মারধর করে পুলিশে সোপর্দ করেন। এরপর কর্মকর্তাদের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ হয়। ওই ঘটনার জের ধরে গতকাল সকালে অর্ধশতাধিক শ্রমিককে কারখানায় ঢুকতে দেননি নিরাপত্তারক্ষীরা। ছাঁটাইয়ের আশঙ্কায় শ্রমিকেরা কারখানার বাইরে বিক্ষোভ শুরু করেন। এ সময় কারখানার অন্য শ্রমিকেরাও তাঁদের সঙ্গে যোগ দেন। খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ ও টঙ্গী মডেল থানার পুলিশ কারখানার সামনে অবস্থান নেয়। সকাল ১০টায় কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকদের মধ্যে বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। দুপুর ১২টার দিকে গতকালের জন্য কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
কারখানার প্রশাসনিক কর্মকর্তা মো. শামিম আল ফরিদ জানান, ‘শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে।’ এর বেশি কিছু তিনি বলেননি।