কারখানায় যারা আগুন দেয় তাদের চিহ্নিত করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৈরি পোশাক কারখানায় যারা আগুন দেয়, তাদের চিহ্নিত করতে শ্রমিকনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। পোশাকশ্রমিকনেতারা গতকাল মঙ্গলবার প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ে মন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে তিনি এ আহ্বান জানান।

খন্দকার মোশাররফ হোসেন এ সময় বলেন, মালিক-শ্রমিক সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে কারখানায় উৎপাদন অব্যাহত রাখতে হবে। কারণ আগুন দিলে, কারখানা ভাঙচুর করলে, তাতে শুধু মালিক নয়, শ্রমিকেরও ক্ষতি। তাই নিজেদের স্বার্থেই সেটা করা যাবে না। আর যারা কারখানায় নাশকতা করে, তাদের চিহ্নিত করতে হবে। শ্রমিকনেতাদের এ ব্যাপারে সজাগ থাকতে হবে।

মন্ত্রী সরকার ঘোষিত বেতন যথাযথভাবে পরিশোধ করার জন্য কারখানার মালিকদের প্রতি আহ্বান জানান। এ সময় শ্রমিকনেতারা মন্ত্রীকে বলেন, পোশাকশ্রমিকদের ন্যূনতম বেতন তিন হাজার টাকা থেকে বাড়িয়ে পাঁচ হাজার ৩০০ টাকা করা হলেও শ্রমিকেরা খুব বেশি লাভবান হবেন না। তিনি বলেন, প্রতিটি পোশাক কারখানায় যদি আবাসনের ব্যবস্থা থাকত, তাহলে সমস্যার সমাধান হয়ে যেত। ভবিষ্যতে ক্ষমতায় এলে এ কাজটি করা যায় কি না, তা দেখা হবে।

বৈঠকে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার, শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, শ্রমিকনেত্রী নাজমা আক্তার প্রমুখ।