কারখানায় শ্রমিক-কর্মকর্তা সংঘর্ষ
চট্টগ্রামের সীতাকুণ্ডের কদমরসুল এলাকার সানম্যান টেক্সটাইল নামে একটি বস্ত্র কারখানায় গতকাল বুধবার শ্রমিকদের সঙ্গে কর্মকর্তাদের সংঘর্ষ হয়েছে। এতে কারখানার মহাব্যবস্থাপকসহ (জিএম) আটজন আহত হন।
আহত ব্যক্তিরা হলেন কারখানার জিএম আবদুর রহিম ও সহকারী পরিচালক গোলাম উদ্দীন, বয়ন বিভাগের শ্রমিক আবদুস সোবহান (৪৫), জিয়া উদ্দীন (৪৫), ফাতেমা বেগম (৪০), রোকেয়া বেগম (৪০), ডাইং বিভাগের মো. ফেরদৌস (৪৫) ও তারেকুল ইসলাম (৩২)। তাঁদের মধ্যে তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শ্রমিকেরা কাজ বন্ধ করে কারখানার ভেতরে বিক্ষোভ মিছিল করেন।
পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, মেজর (অব.) আবদুল মান্নানের মালিকানাধীন সানম্যান টেক্সটাইলের ব্যবস্থাপক বয়ন বিভাগের কয়েকজন শ্রমিককের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে গত সোমবার কারণ দর্শানোর নোটিশ দেন। গতকাল সকাল ১০টার দিকে এ বিষয়ে জিএম আবদুর রহিম ও সহকারী পরিচালক গোলাম উদ্দীনের কাছে জানতে চান শ্রমিক আবদুস সোবহান। এ সময় বয়ন বিভাগের ব্যবস্থাপক হেলাল উদ্দিন লোহার রড নিয়ে সোবহানকে মারধর করতে থাকেন। তখন কয়েকজন শ্রমিক এগিয়ে এলে কর্মকর্তাদের সঙ্গে তাঁদের সংঘর্ষ বেধে যায়। এতে আটজন আহত হন।
এ ঘটনার পর মালিক আবদুল মান্নান হেলিকপ্টারযোগে বেলা দুইটার দিকে কারখানায় যান। এরপর ঘটনাস্থলে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন ইমরান ও চট্টগ্রাম শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার নুতন চাকমা ও সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদিউজ্জামান। তাঁরা শ্রমিকদের সঙ্গে কথা বলেন। ঘটনা তদন্তে শ্রমিক ও মালিকপক্ষের দুজন করে প্রতিনিধি নিয়ে একটি কমিটি গঠন করা হয়।
শ্রমিকেরা অভিযোগ করেন, কোনো শ্রমিককে বিদায় করতে চাইলে কারখানা কর্তৃপক্ষ প্রথমে তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেয়। এরপর শ্রমিকের কোনো অন্যায় না থাকলেও তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।