কারখানার অর্থায়নে রাস্তা পুনর্নির্মাণ
এলাকাবাসী ও শ্রমিকদের কল্যাণে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে নারায়ণগঞ্জের ‘মডেল ডি ক্যাপিটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ নামের একটি পোশাক কারখানা। ওই কারখানার অর্থায়নে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে শুরু হওয়া ফতুল্লার খানপুরের তল্লা সড়কের হোসেন সরদার রোডটি পুনর্নির্মাণ করা হচ্ছে। পাশাপাশি নালাও নির্মাণ করে দিচ্ছে প্রতিষ্ঠানটি।
এরই মধ্যে এক কোটি ২৮ লাখ টাকা ব্যয় করে আরসিসি ঢালাই দিয়ে তিন হাজার ফুট দীর্ঘ, তিন ফুট প্রশস্ত এবং চার ফুট গভীর করে নালা নির্মাণ করা হয়েছে। এখন এক কোটি পাঁচ লাখ টাকা ব্যয়ে রাস্তাটি পুনর্নির্মাণ করা হবে।
স্থানীয় সাংসদ এ কে এম শামীম ওসমান গত শনিবার সকালে এ নির্মাণকাজের উদ্বোধন করেন। এ সময় তিনি মডেল গার্মেন্টসের মালিকপক্ষের মতো অন্য শিল্পমালিকেরাও এলাকাবাসীর কল্যাণে সামাজিক দায়বদ্ধতা থেকে ইতিবাচক কাজ করবেন বলে আশা প্রকাশ করেন।
মডেল ডি ক্যাপিটাল ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক ও বিকেএমইএর পরিচালক মো. মাসুদুজ্জামান বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এলাকাবাসী ও শ্রমিকদের কল্যাণে মোট দুই কোটি ৩৩ লাখ টাকা ব্যয়ে রাস্তা ও নালা নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে এলাকাবাসী ১৫ লাখ টাকা সংগ্রহ করে এ কাজে সহায়তা করেছেন।