কারখানার কর্মকর্তার বিরুদ্ধে শ্রমিককে ধর্ষণের অভিযোগ, বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের আশুলিয়ার একটি তৈরি পোশাক কারখানায় সহকর্মীকে ধর্ষণের প্রতিবাদ ও সংশ্লিষ্ট কর্মকর্তার অপসারণের দাবিতে গতকাল রোববার শ্রমিকেরা বিক্ষোভ করেছেন।আশুলিয়ার গাজিরচট এলাকার পি অ্যান্ড এম ফ্যাশন নামের ওই পোশাক কারখানার সাত শতাধিক শ্রমিক গতকাল সকাল আটটার দিকে কর্মস্থলে গিয়ে ধর্ষণের ঘটনা শুনে বিক্ষোভ শুরু করেন। বেলা তিনটার দিকে মালিকপক্ষের হস্তক্ষেপে শ্রমিকেরা শান্ত হন। ধর্ষণের শিকার শ্রমিক অভিযোগ করেন, প্রায় ১৫ দিন আগে রাতের পালায় কাজে গেলে জিএম হুমায়ুন কবীর তাঁকে তাঁর কক্ষে ডেকে নিয়ে ধর্ষণ করেন। কিন্তু চাকরির ভয়ে ও ভাবির (একই কারখানার শ্রমিক) পরামর্শে তিনি বিষয়টি চেপে যান। গত শনিবার রাতেও তত্ত্বাবধায়ক আলামিন তাঁকে ওই কর্মকর্তার কক্ষে ডেকে নিয়ে যান। এরপর তাঁকে ধর্ষণ করা হয়। ধর্ষণের শিকার শ্রমিকের ভাবি জানান, ননদের মানসম্মান ও চাকরির ভয়ে প্রথম দফায় তিনি বিষয়টি চেপে যান। কিন্তু দ্বিতীয় দফার ঘটনার পর প্রতিকারের জন্য বিষয়টি সহকর্মীদের জানান। বেলা তিনটার দিকে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য শাহাদত হোসেনের মধ্যস্থতায় কারখানার মালিক মোখলেসুর রহমান বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে বৈঠকে বসেন। মোখলেসুর রহমান বলেন, শ্রমিকদের অভিযোগের ভিত্তিতে ওই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ওই শ্রমিককে ক্ষতিপূরণ দেওয়া হবে। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, ‘এ ধরনের কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’