কারখানার কার্যক্রম পরিচালনা প্রশ্নে রুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশগত ছাড়পত্র ব্যতীত গাজীপুরের একটি নিটওয়্যার কারখানার কার্যক্রম পরিচালনা কেন বেআইনি নয়, তা জানতে চেয়েছেন হাইকোর্ট। গতকাল সোমবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ রুল জারি করেন। সরকার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়। এ এম সি নিট কম্পোজিট নামে গাজীপুরের বানিয়ারচালায় অবস্থিত ওই নিটওয়্যার কোম্পানির বয়লার (বায়ু নিঃসরণ যন্ত্র) ও জেনারেটর স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। ওই প্রতিষ্ঠানটিকে পরিবেশগত ছাড়পত্র দেওয়া থেকে বিরত থাকার নির্দেশও দেওয়া হয়েছে। ওই কারখানার কার্যক্রমের বৈধতা চ্যালেঞ্জ করে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি গত বৃহস্পতিবার এই রিট আবেদনটি করে। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ইকবাল কবির। রাষ্ট্রপক্ষে ছিলেন এ বি এম আলতাফ হোসেন।