কারখানার খাবার খাওয়ার পর শতাধিক শ্রমিক অসুস্থ
নারায়ণগঞ্জের আদমজী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (এইপিজেড) বিদেশি মালিকানাধীন একটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক পেটের পীড়ায় আক্রান্ত হয়েছেন। অসুস্থ শ্রমিকদের আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর, বি) চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
গত বৃহস্পতিবার, গতকাল শনিবার এবং আজ রোববার এ ঘটনা ঘটে।
অসুস্থ শ্রমিকদের অভিযোগ, হংকং ভিত্তিক ওই পোশাক কারখানার দেওয়া খাবার খেয়ে তাঁরা পেটের পীড়ার আক্রান্ত হয়েছেন।
ওই কারাখানার অন্তত পাঁচজন শ্রমিক ও শিল্প পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, ইপিক গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং লিমিটেড নামের পোশাক কারখানাটিতে পাঁচ হাজারের বেশি লোক কাজ করে। কারখানার পক্ষ থেকে কর্মীদের খাবার দেওয়া হয়। একে ট্রেডিং নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান খাবার সরবরাহের কাজ করে। গত বৃহস্পতিবার দুপুরের খাবার খাওয়ার পর কারখানার প্রায় ৭০ জন শ্রমিক পেটের পীড়ায় আক্রান্ত হন। পাতলা পায়খানার সঙ্গে বমি হওয়ায় তাঁদের ঢাকার মহাখালীর আইসিডিডিআর, বিতে পাঠানো হয়। শুক্রবারের সাপ্তাহিক বন্ধের পর গতকাল শনিবার দুপুরে খাবার খাওয়ার পর আবার প্রায় ৭০ জনের একই ধরনের শারীরিক সমস্যায় দেখা দেয়। তাঁদেরও আইসিডিডিআর, বিতে পাঠানো হয়। আজ রোববার ৪০ জন শ্রমিকের পেটের পীড়া ও বমি হওয়ায় তাদেরও আইসিডিডিআর, বিতে পাঠানো হয়।
আদমজীতে অবস্থিত শিল্প পুলিশ-৪ এর পুলিশ সুপার সানা সামিনুর রহমান বলেন, গত বৃহস্পতি ও শনিবার ওই কারখানাটিতে হঠাৎ করে ১২০ থেকে ১২৫ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়ে। তাঁদের অনেকেই পেটের পীড়া ও বমি হওয়ায় তাদেরকে আইসিডিডিআর’বিতে পাঠানো হয়। কারখানা থেকে সরবরাহ করা খাবার ও পানি থেকে খাদ্যে বিষক্রিয়া হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
আইসিডিডিআর,বির প্রধান চিকিৎসক ও ডায়ারিয়াল ডিজেইস ইউনিটের প্রধান ডা. আজহারুল ইসলাম খান বলেন,বর্তমানে সেখানকার হাসপাতালে ৫০ জনের মতো ভর্তি রয়েছেন। আক্রান্ত ব্যক্তিদের পেটে ব্যাথা, ডায়রিয়া দেখা দিচ্ছে। একই সঙ্গে বমি হচ্ছে ও পানি স্বল্পতা দেখা দিয়েছে। আক্রান্ত ব্যক্তিরা যেহেতু একই প্রতিষ্ঠানে কর্মরত এবং একই ধরনের শারীরিক সমস্যায় ভুগছেন, তাই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খাবারে বিষক্রিয়ার কারণে এমনটা হতে পারে।
এ ব্যাপারে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (বেপজা) মহাব্যবস্থাপক (জনসংযোগ) নাজমা বিনতে আলমগীর বলেন, গার্মেন্টস কারখানার খাবার ও পানির নমুনা সংগ্রহ করে গতকাল শনিবার পরীক্ষাগারে পাঠানো হয়েছে। ওই কারখানার শ্রমিকেরা কেন অসুস্থ হয়েছে, তা ওই পরীক্ষার প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনা তদন্তের জন্য বেপজার পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হয়েছে।