গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকায় একটি পোশাক কারখানার গুদামে গতকাল সোমবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে মজুত রাখা কাপড়, সুতাসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে কারখানার কমপক্ষে ১০ শ্রমিক আহত হন। কারখানা কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস স্টেশন সূত্রে জানা গেছে, উপজেলার তেলিরচালা এলাকার লগুজ অ্যাপারেলস লিমিটেড নামের পোশাক কারখানার টিনশেড গুদামে গতকাল বেলা দেড়টার দিকে আগুন ধরে যায়। কারখানার শ্রমিক ও আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন। খবর পেয়ে গাজীপুর, কালিয়াকৈর ও সাভার ইপিজেড এলাকার ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে কারখানার গুদামের ভেতর থাকা কিছু কাপড়, সুতাসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। এ ছাড়া আগুন নেভাতে গিয়ে কারখানার কমপক্ষে ১০ জন শ্রমিক আহত হন। গাজীপুর প্রতিনিধি