কারখানার গুদামে আগুন, কোটি টাকার ক্ষয়ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিসিকের একটি পোশাক কারখানার গুদামে গতকাল শনিবার ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মালিকপক্ষ দাবি করেছে।
নারায়ণগঞ্জ শহরের মণ্ডলপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা নিয়াজ মোহাম্মদ জানান, গতকাল ভোর পাঁচটায় ফতুল্লার বিসিক শিল্পনগরের দুই নম্বর সড়কে অবস্থিত রপ্তানিমুখী পোশাক কারখানা সি এস নিটওয়্যারের নিচতলার গুদামে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। পরে আগুন পুরো গুদামে ছড়িয়ে পড়ে।
ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানতে চাইলে জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা বলেন, ফায়ার সার্ভিসের কর্মীদের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ছয়টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুনে ক্ষতিগ্রস্ত সি এস নিটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান দাবি করেন, এই অগ্নিকাণ্ডে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গুদামে ৩৫ টন সুতা, পাঁচ টন থান কাপড় ও আসবাব পুড়ে নষ্ট হয়ে গেছে।