কারখানার ছিনতাই হওয়া মালামাল উদ্ধার তিনজন কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীপুরের কেওয়া এলাকায় রপ্তানিজাত ডেনিম্যাক পোশাক কারখানার ছিনতাই হওয়া মালামালসহ তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। দ্রুত বিচার আইনে মামলা দিয়ে গতকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে। কারখানার সহকারী প্রকল্প ব্যবস্থাপক গোলাম নবী স্বপন জানান, ২৩ মে বুধবার রাত নয়টার দিকে শ্রীপুর পৌর এলাকার কেওয়া গ্রামের ওই কারখানা থেকে এক হাজার ৭০০ জিনসের ৬৫ কার্টনভর্তি একটি পিকআপ ভ্যান রপ্তানির উদ্দেশ্যে কারখানা থেকে বের হয়। পিকআপটি কেওয়া গ্রামের মিতা টেক্সটাইলসংলগ্ন এলকায় এলে একদল যুবক ওই পিকআপের গতিরোধ করে। যুবকেরা কারখানার এসকটম্যান মিজান ও চালক শাহজাহানকে অস্ত্রের মুখে জিমিঞ্চ করে সিংড়াতলী এলাকার সামছুল হকের টিনশেড ঘরে নিয়ে যায়। তারা অন্য একটি পিকআপে মালামালগুলো স্থানান্তর করে। পরে তারা মিজান ও শাহজাহানকে পিটিয়ে আহত করে ছেড়ে দেয়। ওই রাতেই কারখানার পক্ষ থেকে শ্রীপুর থানার পুলিশকে জানানো হয়। পুলিশ কারখানার আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ডেনিম্যাকের কাভার্ড ভ্যান, পোশাকভর্তি পিকআপ, দুটি নম্বরবিহীন মোটরসাইকেল ও ছিনতাই হওয়া মালামাল উদ্ধার করে। এ সময় পিকআপের চালক আবুল কালাম আজাদ, সাহায্যকারী হানিফা ও রাসেলকে গ্রেপ্তার করা হয়। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান জানান, এ ঘটনায় ডেনিম্যাক কারখানার সহকারী প্রকল্প ব্যবস্থাপক গোলাম নবী স্বপন বাদী হয়ে দ্রুত বিচার আইনে রাসেল, জামান, সুমন, কালাম, সোহাগসহ ১৫ জনের বিরুদ্ধে শ্রীপুর থানায় মামলা করেন। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।