কারখানার জায়গা সমতল করতে কাটা হচ্ছে টিলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের ফেঞ্চুগঞ্জে নির্মাণাধীন শাহজালাল সার কারখানার প্রকল্পের মূল কাজ এখনো শুরু হয়নি। কাজের প্রাথমিক পর্যায়ে প্রকল্পের জন্য নির্ধারিত স্থানটি সমতল করতে এবং প্রকল্পের স্থলে যাতায়াতের সড়কে মাটি ভরাট করতে যন্ত্র দিয়ে একটি টিলা কাটা হচ্ছে। স্থানীয় লোকজনের অভিযোগ, প্রকল্পের সহঠিকাদারি প্রতিষ্ঠান ব্রাদার্স গ্রুপ অবৈধভাবে এই টিলা কাটছে। শাহজালাল সার কারখানা প্রকল্প সূত্র জানায়, সাড়ে পাঁচ হাজার কোটি টাকা ব্যয়ে ফেঞ্চুগঞ্জে বর্তমান সার কারখানার দক্ষিণ-পশ্চিমে এর নির্মাণকাজ ২৪ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন। এর পরে প্রকল্পের কাজ শুরু করে চায়না ন্যাশনাল কমপ্লিট প্ল্যান্ট ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশন লিমিটেড। বিদেশি এ প্রতিষ্ঠানের কাছ থেকে দেশীয় ঠিকাদারি প্রতিষ্ঠান ব্রাদার্স গ্রুপ কাজ পেয়ে কারখানার প্রকল্প এলাকায় প্রাথমিক পর্যায়ে ছয় কোটি টাকার মাটির কাজ শুরু করে।স্থানীয় লোকজন জানান, কয়েক দিন ধরে ব্রাদার্স গ্রুপ প্রকল্প এলাকার পাশের টিলা কেটে মাটি ভরাটের কাজ করছে। গত শনিবার সরেজমিনে দেখা যায়, ফেঞ্চুগঞ্জ সার কারখানাধীন শামবাজার মসজিদের পশ্চিমে এবং নির্মাণাধীন শাহজালাল সার কারখানার মূল প্রকল্প এলাকার দক্ষিণ পাশে অবস্থিত প্রায় ৪৫ ফুট উঁচু টিলাটি জঙ্গলে পরিবেষ্টিত। ফেঞ্চুগঞ্জ সার কারখানার আওতাধীন এই টিলাটি ইতিমধ্যে এক্সকেভেটরের (মাটি কাটার যন্ত্র) আঘাতে ক্ষতবিক্ষত করা হয়েছে। ব্রাদার্স গ্রুপের শ্রমিকেরা এক্সকেভেটর দিয়ে টিলা কেটে মাটি ট্রাকযোগে প্রকল্পস্থলে নিয়ে যাচ্ছেন। এক্সকেভেটরের চালক জানান, এক সপ্তাহ ধরে টিলার মাটি কাটা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক ফেঞ্চুগঞ্জ সার কারখানার একজন শ্রমিক জানান, পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়াই কারখানার অসাধু কর্মকর্তাদের সঙ্গে আঁতাত করে ব্রাদার্স গ্রুপ অধিক মুনাফার লোভে টিলা কেটে মাটি নিয়ে যাচ্ছে। সার কারখানার আবাসিক এলাকায় বসবাসকারী আলমগীর হোসেন বলেন, কারখানা থেকে নির্গত গ্যাসে বাতাস বিষাক্ত হয়ে উঠছে। অধিক অক্সিজেনের জন্য যেখানে গাছপালা, বন-জঙ্গলের প্রয়োজন, সেখানে টিলা কেটে গাছপালা ধ্বংস করা হচ্ছে। ব্রাদার্স গ্রুপের সাইট ব্যবস্থাপক নজরুল ইসলাম বলেন, ‘আমরা সরাসরি পরিবেশ অধিদপ্তর থেকে টিলা কাটার কোনো ছাড়পত্র নিইনি।’ নির্মাণাধীন শাহজালাল সার কারখানার প্রকল্প পরিচালক (পিডি) কামরুজ্জামান বলেন, প্রকল্প বাস্তবায়নে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র আছে। মূল প্রকল্প এলাকার বাইরের টিলা কাটার অনুমতি আছে কি না জানতে চাইলে তিনি বলেন, বৃহত্তর স্বার্থে কিছু কিছু বিষয় আছে যেটা ছাড় দিতে হয়। এ বিষয়ে জানতে পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক এসএম ফজলুল করিম চৌধুরীর মুঠোফোনে কল দিলে তিনি ফোন ধরেননি।