কারখানার জ্বলন্ত ছাইয়ে চীনা নাগরিকসহ চারজন দগ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহ সদর উপজেলায় একটি কৃষিভিত্তিক শিল্পকারখানায় কাজ করার সময় ছাইয়ের আগুনে এক চীনা নাগরিকসহ চারজন দগ্ধ হয়েছেন। অচিন্ত্যনগর গ্রামে অবস্থিত তাজি অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজে গতকাল বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
আগুনে পুড়ে আহত ব্যক্তিরা হলেন চীনা নাগরিক ফ্র্যাংক সেভিন (৫৫), অচিন্ত্যনগর গ্রামের শাহাজান আলীর ছেলে জালাল হোসেন (৩৫), একই গ্রামের মশারফ হোসেনের ছেলে মনিরুজ্জামান (৩০) ও ঢাকার সলেমান আলীর ছেলে জোবায়ের হোসেন (২৫)।
কারখানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, চীনা ও বাংলাদেশিদের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত তাজি অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজে পাটকাঠি পুড়িয়ে ছাই উৎপাদন করার পর তা বিদেশে পাঠানো হয়। ওই কারখানায় ছাইয়ের একটি বড় কনটেইনার রাখা ছিল। গতকাল সকালে কারখানায় কাজ শুরু করতে গিয়ে ওই চার ব্যক্তি কনটেইনারটির ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখেন। একপর্যায়ে কনটেইনারটি খুলতে গেলে উত্তপ্ত ছাই তাঁদের শরীরে ছড়িয়ে পড়ে।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, খবর পেয়ে কারখানায় ছুটে গিয়ে তাঁরা দগ্ধ ব্যক্তিদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। মনিরুজ্জামান ছাড়া অন্যদের অবস্থা আশঙ্কাজনক। জোবায়ের হোসেন ও জালাল হোসেনকে অ্যাম্বুলেন্সে করে আর চীনা নাগরিককে হেলিকপ্টারে করে ঢাকায় নেওয়া হয়।
তাজি অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপক শাহাবুদ্দিন আহম্মেদ জানান, তাঁরা চীনের নাগরিকদের সঙ্গে যৌথভাবে কারখানাটি পরিচালনা করে আসছেন। এখানে তৈরি হওয়া ছাই রপ্তানি হয়।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান বলেন, অসাবধানতার কারণে এ ঘটনা ঘটেছে। আহত তিনজনকে ঢাকায় পাঠানো হয়েছে।