কারখানার টয়লেটে সন্তান প্রসব: তিন কর্মকর্তাকে হাইকোর্টে তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছুটি না পেয়ে একটি জুতা তৈরির কারখানার টয়লেটের ভেতর কর্মীর সন্তান প্রসব করার ঘটনায় সংশ্লিষ্ট কারখানার তিন কর্মকর্তাকে তলব করেছেন হাইকোর্ট। ২৪ মে তাঁদের সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রথম আলোতে প্রকাশিত একটি প্রতিবেদন আমলে নিয়ে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে আজ রোববার এ আদেশ দেন।

জানতে চাইলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস প্রথম আলোকে বলেন,২৪ মে ওই কারখানার ব্যবস্থাপনা পরিচালক, প্রশাসনিক কর্মকর্তা আজিজুর রহমান ও লাস্টিং সেকশনের সুপারভাইজার মো. রতন মিয়াকে সশরীরে হাজির হওয়ার জন্য আদালত নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে ওই ঘটনা তদন্ত করে ২৪ মের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য কালিয়াকৈর উপজেলার নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন আদালত।
আজ প্রথম আলোর নবম পৃষ্ঠায় প্রকাশিত এ-সংক্রান্ত প্রতিবেদন অনুসারে, কালিয়াকৈর উপজেলার অ্যাপেক্স ফুটওয়ার কারখানার লাস্টিং সেকশনে কাজ করেন নারী শ্রমিক হামিদা আক্তার। অন্তঃসত্ত্বা থাকায় গতকাল শনিবার দুপুরে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে লাস্টিং সেকশনের সুপারভাইজার মো. রতন মিয়ার কাছে তিনি ছুটি চাইলেও তাঁকে ছুটি দেওয়া হয়নি। শারীরিক অবস্থার অবনতি হলে তিনি কারখানার একটি টয়লেটে যান। সেখানে তিনি অজ্ঞান হয়ে পড়েন ও বাচ্চা প্রসব করেন। পরে তাঁকেসহ নবজাতককে উপজেলার সফিপুর মডার্ন হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নবজাতককে মৃত ঘোষণা করেন।