কারখানার ট্যাংক পরিষ্কার করতে গিয়ে শ্রমিকের মৃত্যু
ঢাকার সাভারে কারখানার ট্যাংক পরিষ্কার করার সময় নিচে পড়ে গিয়ে এক শ্রমিক মারা গেছেন। তাঁকে উদ্ধার করতে গিয়ে আরও তিন শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন।
সাভারের হেমায়েতপুরের মিন অয়েল লিমিটেড নামে একটি কারখানায় গতকাল সোমবার সকালে এ ঘটনা ঘটে। নিহত জাকির হোসেনের (৩৫) বাড়ি ঠাকুরগাঁও সদর উপজেলার কেয়ারিগাঁও গ্রামে।
পুলিশ ও কারখানার শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল সকাল সাড়ে সাতটার দিকে কারখানার শ্রমিক ঝন্টু ও জাকির মবিলের ট্যাংক পরিষ্কার করছিলেন। এ সময় জাকির পা পিছলে নিচে পড়ে যান। তাঁকে উদ্ধার করতে গিয়ে ঝন্টুও অসুস্থ হয়ে পড়েন। এরপর তাঁদের উদ্ধার করতে গিয়ে কারখানার শ্রমিক নূর হোসেন ও গোলাপ হোসেনও অসুস্থ হয়ে যান। একে একে চারজন অসুস্থ হয়ে পড়লে অন্য শ্রমিকেরা দ্রুত তাঁদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসকেরা জাকিরকে মৃত ঘোষণা করেন। অন্যরা ওই হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন।
চিকিৎসাধীন শ্রমিক নূর হোসেন বলেন, ট্যাংকের ভেতরে ঢোকার পরপরই তাঁদের শ্বাসকষ্ট হতে থাকে। একপর্যায়ে তাঁরা অচেতন হয়ে যান। তিনি আরও বলেন, কারখানাটিতে পোড়া মবিল দিয়ে ব্যবহার উপযোগী মবিল তৈরি করে বাজারজাত করা হতো। এ কাজের জন্য কারখানায় বিশাল আকারের কয়েকটি ট্যাংক রয়েছে। মাঝেমধ্যে ওই সব ট্যাংক শ্রমিকদেরই পরিষ্কার করতে হতো।
এনাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক আনোয়ারুল কাদির বলেন, ট্যাংকের ভেতরে সৃষ্ট গ্যাসের কারণেই তাঁদের শ্বাসকষ্ট হয়। আর এ কারণেই তাঁরা অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে আনার পথেই জাকির মারা যান।