কারখানার তুলার গুদামে আগুন, নারী শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের বালুছড়া এলাকায় সুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় মনোয়ারা বেগম (৪০) নামের এক নারী শ্রমিক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দুপুরে পিএইচপি স্পিনিং মিলস লিমিটেডের সুতার গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ সূত্র জানায়, পিএইচপি স্পিনিং মিলস লিমিটেডের একতলার একটি তুলার গুদামে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে দুপুর পৌনে একটার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে বায়েজিদ ফায়ার সার্ভিস স্টেশন থেকে দুটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে বেলা সাড়ে তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। ফায়ার সার্ভিসের কর্মীরা দগ্ধ শ্রমিক মনোয়ার বেগমকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান।
ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের সহকারী পরিচালক মোহাম্মদ ইয়াহিয়া জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) পঙ্কজ বড়ুয়া প্রথম আলোকে জানান, অগ্নিদগ্ধ মনোয়ারা বেগমকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত মনোয়ারার স্বামীর নাম জসিম উদ্দিন। লালমনিরহাটের বাসিন্দা মনোয়ারা স্বামীকে নিয়ে বালুছড়ায় থাকতেন।
এদিকে মনোয়ারার মৃত্যুর খবর পেয়ে কারখানার শ্রমিকেরা অক্সিজেন-রাঙামাটি সড়ক অবরোধ করার চেষ্টা করেন। তবে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দেয়।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাশ জানান, শ্রমিকের মৃত্যুর ঘটনায় অন্য শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে কারখানার অভ্যন্তরে হইহুল্লোড় করার চেষ্টা করেন। তবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।