কারখানার দেয়াল চাপায় শ্রমিক নিহত, ভাঙচুর-বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর উপজেলায় এক কারখানার বিভাজক দেয়াল ধসে পড়লে সেটির নিচে চাপা পড়ে আজ সোমবার সকালে এক শ্রমিক মারা গেছেন।

নিহত নাসির আহম্মেদের (২৫) বাড়ি শ্রীপুর উপজেলার পূর্ব আক্তাপাড়া গ্রামে। তিনি ক্রাউন ওল ওয়্যার লিমিটেডের ডায়িং শাখার কেমিক্যাল ডিস্ট্রিবিউটর ছিলেন।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, আজ সকাল সাতটার দিকে নাসির ডায়িং শাখায় লবণ আনতে গেলে হঠাৎ করে পাশের বিভাজক দেয়ালটি তার ওপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সহকর্মীরা কারখানা এলাকায় বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে তারা কারখানার জানালা-দরজার কাচ ও প্রধান ফটক ভাঙচুর করে। পরে থানা-পুলিশ ও শিল্প পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

কারখানার মহাব্যবস্থাপক (জিএম) মো. খোরশেদ আলম বলেন, পরিস্থিতি সামাল দিতে কারখানা আজ সোমবারের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।