বাংলাদেশে পোশাক কারখানার নিরাপত্তা পরিদর্শনে প্রয়োজনীয় সংখ্যক যোগ্য পরিদর্শকের অভাব রয়েছে। এতে বিদেশে পোশাক সরবরাহকারী কারখানাগুলোর নিরাপত্তা পরিদর্শনের কাজে হিমশিম খেতে হচ্ছে। এ জন্য কাজটি শেষ করতে অনেক সময় লাগতে পারে। আজ রোববার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ দাবি করা হয়।
প্রতিবেদনে জানানো হয়, সাভারে রানা প্লাজা ভবনধসে সহস্রাধিক পোশাকশ্রমিক নিহত হন। এরপর পোশাক সরবরাহকারী পাঁচ হাজার ৬০০ কারখানার নিরাপত্তা পরিদর্শনে অন্তত পাঁচটি সংস্থা তাদের প্রতিনিধি পাঠায়। কারখানা পরিদর্শনের ক্ষেত্রে এসব সংস্থার মধ্যে সমন্বয় খুব কম।
শুরু থেকে এখন পর্যন্ত কত কারখানা পরিদর্শন করা হয়েছে, এ ব্যাপারে সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তারা সঠিক কোনো হিসাব দিতে পারেননি। এ সংখ্যা ৬০ থেকে ৩৪০ পর্যন্ত বলা হচ্ছে।
কারখানার নিরাপত্তা পরিদর্শনে বাংলাদেশে ২০০ জনেরও কম যোগ্যতাসম্পন্ন পরিদর্শক আছেন।
বাংলাদেশ থেকে পোশাক নেওয়া মার্কিন ও ইউরোপীয় খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানগুলো আশা করছে, নয় থেকে ১২ মাসের মধ্যে সংশ্লিষ্ট কারখানা পরিদর্শন পুরোপুরি শেষ হবে। পরিদর্শক ও সরকারি কর্মকর্তারা বলছেন, এ প্রক্রিয়া শেষ হতে অন্তত পাঁচ বছর লাগবে।
পরিদর্শনকারী সংস্থাগুলোর মধ্যে সমন্বয় না থাকায় একটি কারখানা একাধিকবার পরিদর্শন করা হচ্ছে। আর কোনোটি একবারও পরিদর্শন করা হচ্ছে না।