কারখানার ফটকে গৃহবধূর বিষপান
ডেমরায় গতকাল সকালে পিংকি নামের এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। স্বামী মাহবুব চৌধুরীর সঙ্গে রাগ করে তিনি কীটনাশক পান করেছিলেন বলে পুলিশ জানিয়েছে। এ ব্যাপারে ডেমরা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা ডেমরা থানার এসআই তৌহিদুল ইসলাম বলেন, মাহবুব স্থানীয় একটি স্টিল মিলে চাকরি করেন। এই দম্পতি সারুলিয়ায় বাসা ভাড়া নিয়ে থাকতেন। ভাড়া দিতে না পারায় মালামাল রেখে গত ঈদের কয়েক দিন পর তাঁরা বাসা থেকে চলে যান। এ সময় পিংকি চাঁদপুরের মতলবে বাবার বাড়িতে ছিলেন, মাহবুব স্টিল মিলেই থাকতেন। গত সোমবার সকাল সাড়ে ১০টার দিকে পিংকি ওই স্টিল মিলে আসেন। স্বামীর সঙ্গে তাঁর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মাহবুব মিলের ভেতর চলে যান। কিছুক্ষণ পর পিংকি কীটনাশক খেয়ে মিলের ফটকের সামনে গড়াগড়ি দিতে থাকেন। খবর পেয়ে মাহবুব তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সন্ধ্যায় পিংকির অবস্থার উন্নতি হয়। পরের দিন সকালে অবস্থা আবার খারাপ হয়। গতকাল সকালে পিংকিকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।