কারখানার বর্জ্য নদীতে, মরছে মাছ
বগুড়ার ঠেঙ্গামারা গ্রামে অবস্থিত কাগজ তৈরির একটি কারখানা থেকে বিষাক্ত বর্জ্য করতোয়া নদীতে ফেলায় মাছ মরে ভেসে উঠছে। মানুষজন এসব মাছ ধরে বাড়িতে নিয়ে যাচ্ছে। অভিযোগ উঠেছে, পরিবেশ অধিদপ্তর থেকে শোধনাগারের মাধ্যমে বর্জ্য নিষ্কাশনের (ইটিপি) অনুমতি নিয়েও কর্তৃপক্ষ সে অনুযায়ী কাজ করছে না। গত বুধবার বিকেলে ঠেঙ্গামারা গ্রামে গিয়ে দেখা গেছে, করতোয়ায় মাছ মারার ধুম পড়েছে। ঠেঙ্গামারা থেকে দক্ষিণে তিন কিলোমিটার দূরে মাটিডালি পর্যন্ত মাছ ধরার জন্য মানুষ নদীতে নেমে পড়েছে। এলাকার লোকজন জানান, বিসিএল পেপার মিলের বিষাক্ত বর্জ্যের কারণেই মাছ মরে ভেসে উঠছে। ঠেঙ্গামারা গ্রামের ফজলার রহমান বলেন, গত মঙ্গলবার রাতের কোনো এক সময় ওই কারখানার দূষিত বর্জ্য নদীতে ছেড়ে দেওয়া হয়। বুধবার নদীর পাড়ে গিয়ে দেখা যায়, পানি রং ঘোলা ও কালো। দুপুর না গড়াতেই দুই-একটি করে মাছ ভেসে উঠতে থাকে। শুধু মাছ নয়, অনেক পোকা-মাকড়ও মরে গেছে। সন্ধ্যার আগেই আটটি বড় বোয়াল মাছ, ছোট রুইসহ বিভিন্ন ধরনের আধামরা মাছ মানুষ তুলে নিয়ে যায়। অনেকে কাজ ফেলে মাছ ধরার কাজে নেমে পড়ে। বালাপাড়া গ্রামের রমজান আলী জানান, নদীর পানিতে হাত দেওয়ায় তাঁর হাতে চুলকানি শুরু হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক বিসিএল পেপার মিলের এক কর্মচারী বলেন, ‘ট্যাংকি না থাকায় বর্জ্য নদীতে ফেলা হয়েছে, যে কারণে হয়তো মাছ মরে ভেসে উঠেছে।’ শুধু ঠেঙ্গামারা নয়, আশপাশের মহিষবাথান, কালিবালা, মাটিডালি, মুগলিশপুর এলাকায় মাছ মারার হিড়িক পড়েছে। ঠেঙ্গামারা গ্রামের ইয়াকুব আলী, মাটিডালি গ্রামের মোহন মিয়া জানান, তাঁরা ১১টি বোয়াল মাছ পেয়েছেন। একেকটি মাছের ওজন এক থেকে তিন কেজি। বিসিএল পেপার মিলের ব্যবস্থাপনা পরিচালক আলী হায়দারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কারখানার বর্জ্য নদীতে ফেলার কথা স্বীকার করে বলেন, ‘পেপার মিল শুরুর দিকে কাগজের কিছু মণ্ড নদীতে ফেলা হয়েছে। এটা ক্ষতিকর জানতে পেরে আমরা হিলস্ক্যান পদ্ধতি ব্যবহার করছি। কাগজ তৈরির সময় কোনো রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয় না। কিছু মণ্ড পানিতে ফেলার কারণে হয়তো কিছু মাছ ও জীবজন্তুর ক্ষতি হয়েছে। তবে আমরা বর্জ্য শোধনাগার তৈরি করছি। কাজ শেষ হলে এসব বর্জ্য আর নদীতে ফেলতে হবে না।’ পরিবেশ অধিদপ্তর রাজশাহী বিভাগের পরিচালক নাজমুল হক বলেন, কারখানার বর্জ্য নদীতে ফেলার কথা নয়। তাদের বর্জ্য পরিশোধনাগার ব্যবহারের করার কথা। তারা কী করেছে, তা আগে দেখতে হবে। নদীতে বিষাক্ত বর্জ্য ফেললে মাছসহ বিভিন্ন প্রাণী মারা যেতে পারে।